সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের ছবি ব্যবহার করে “আপনার সন্তানকে মানুষ করার জন্য ছাত্রদলে যুক্ত করে দিন। আর যাই হোক অন্তত চাঁ`দা`বা`জ তো হবে না।” শীর্ষক একটি মন্তব্য প্রচার করা হয়েছে।
অনুসন্ধানে জানা যায়, রাকিবুল ইসলাম রাকিব এমন কোনো মন্তব্য করেননি। কোনো নির্ভরযোগ্য সূত্র বা তার বক্তব্যের প্রামাণ্য রেকর্ড ছাড়াই মন্তব্যটি তার নামে প্রচার করা হয়েছে।
আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যালোচনা করে দেখা যায়, সেখানে মন্তব্যটির কোথায়, কবে বা কোন প্রেক্ষাপটে রাকিবুল ইসলাম রাকিব করেছেন—এমন কোনো তথ্য বা সূত্র উল্লেখ করা হয়নি। এছাড়া দাবিটির সমর্থনে কোনো সংবাদ প্রতিবেদন, ভিডিও বক্তব্য কিংবা তার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টও উপস্থাপন করা হয়নি।
বিষয়টি যাচাইয়ের জন্য রাকিবুল ইসলাম রাকিবের সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রম এবং ছাত্রদলের প্রকাশিত তথ্য পর্যালোচনা করেও আলোচিত মন্তব্যের কোনো নির্ভরযোগ্য উৎস পাওয়া যায়নি। একইভাবে, দেশের মূলধারার গণমাধ্যমেও তার নামে এমন কোনো বক্তব্য প্রকাশিত হওয়ার তথ্য মেলেনি।
বিশেষ করে, ছাত্রদলের মতো একটি রাজনৈতিক সংগঠনকে ঘিরে ‘চাঁ-দা-বা-জি’ প্রসঙ্গে এমন মন্তব্য অত্যন্ত আলোচনাযোগ্য হওয়ার কথা। ফলে সত্যিকার অর্থে তিনি এমন বক্তব্য দিয়ে থাকলে তার নির্ভরযোগ্য প্রমাণ বা সমসাময়িক সংবাদসূত্র থাকার কথা। কিন্তু অনুসন্ধানে তার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।
অর্থাৎ, প্রমাণহীন একটি মন্তব্যকে রাকিবুল ইসলাম রাকিবের বক্তব্য হিসেবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।
সুতরাং, “আপনার সন্তানকে মানুষ করার জন্য ছাত্রদলে যুক্ত করে দিন। আর যাই হোক অন্তত চাঁ-দা-বা-জ তো হবে না”—রাকিবুল ইসলাম রাকিবের নামে প্রচারিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।

