
সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছে, তিনি বলেছেন, “নিজ দলের ভিতরে থাকা দা`লা`লগুলো, বিরোধী দলের চেয়েও অনেক বেশি ভয়ংকর।” রাজনৈতিক প্রেক্ষাপটে মন্তব্যটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়লেও এর কোনো নির্ভরযোগ্য সূত্র উল্লেখ করা হয়নি।
অনুসন্ধানে জানা যায়, জুবাইদা রহমান এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, তার নামে পরিচালিত একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত পোস্টকে সূত্র হিসেবে ব্যবহার করে মন্তব্যটি পরবর্তীতে জুবাইদা রহমানের প্রকৃত বক্তব্য হিসেবে প্রচার করা হয়েছে।
আলোচিত দাবির বিষয়ে প্রচারিত পোস্টগুলো পর্যালোচনা করে দেখা যায়, কোথায়, কবে বা কোন প্রেক্ষাপটে জুবাইদা রহমান এমন মন্তব্য করেছেন—সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য দেওয়া হয়নি। বিষয়টি যাচাইয়ে প্রাসঙ্গিক কী-ওয়ার্ডে অনুসন্ধান করেও কোনো নির্ভরযোগ্য গণমাধ্যম, সাক্ষাৎকার বা বক্তব্যে তার এমন মন্তব্যের প্রমাণ পাওয়া যায়নি।
এছাড়া জুবাইদা রহমানের সাম্প্রতিক কার্যক্রম ও বক্তব্যের পাশাপাশি বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ এবং মিডিয়া সেলে প্রকাশিত তথ্য পর্যালোচনা করেও আলোচিত মন্তব্যটির কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।
তবে দাবিটির উৎস অনুসন্ধান করতে গিয়ে ‘ডা. জোবায়দা রহমান’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে একই বক্তব্যের একটি পোস্ট পাওয়া যায়। অ্যাকাউন্টটি পর্যালোচনায় দেখা যায়, এটি জুবাইদা রহমানের নামে পরিচালিত হলেও তার কোনো অফিসিয়াল বা যাচাইকৃত অ্যাকাউন্ট নয়। অর্থাৎ, ওই অ্যাকাউন্টের পোস্টকে জুবাইদা রহমানের নিজস্ব বক্তব্য হিসেবে গ্রহণ করার কোনো ভিত্তি নেই।
ফলে একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত বক্তব্যকে জুবাইদা রহমানের প্রকৃত মন্তব্য হিসেবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকরভাবে ছড়ানো হয়েছে।

