Google search engine
HomePoliticsআওয়ামী লীগের 'লকডাউন' কর্মসূচির দৃশ্য দাবিতেমাদারীপুরের পুরোনো মশাল মিছিলের ভিডিও প্রচার

আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচির দৃশ্য দাবিতেমাদারীপুরের পুরোনো মশাল মিছিলের ভিডিও প্রচার

আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচির দৃশ্য দাবিতে
মাদারীপুরের পুরোনো মশাল মিছিলের ভিডিও প্রচার

কার্যক্রম নি`ষি`দ্ধ আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মশাল মিছিলের ভিডিও প্রচার করে সেটিকে ঢাকায় ওই কর্মসূচির দৃশ্য বলে দাবি করা হচ্ছে। সম্প্রতি বসুরহাট পৌরসভা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক ইমাম হোসেন শুভর ফেসবুক অ্যাকাউন্ট থেকেও ভিডিওটি প্রকাশ করে ‘লকডাউন সফল করুন’ লেখা হয়েছে। তবে অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ভিডিওটি আওয়ামী লীগের সাম্প্রতিক কোনো কর্মসূচির দৃশ্য নয়।

ভিডিওটির দৃশ্যের সূত্র অনুসন্ধান করে ‘Madaripur Moitri Media Centre/মৈত্রী মিডিয়া’ নামের একটি ফেসবুক পেজে গত ১৩ আগস্ট প্রকাশিত একই ভিডিও পাওয়া যায়। ভিডিওটির প্রথম প্রায় ৩০ সেকেন্ডের দৃশ্যের সঙ্গে সামাজিক মাধ্যমে প্রচারিত ভিডিওটির হুবহু মিল রয়েছে। ওই পোস্টের তথ্য অনুযায়ী, ভিডিওটি গত ১২ আগস্ট মাদারীপুরে বিভিন্ন নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে আয়োজিত একটি মশাল মিছিলের দৃশ্য। মিছিলটি শহরের শকুনি লেকপাড়ের মুক্তমঞ্চ থেকে বের করা হয়েছিল।

ঘটনাটির বিষয়ে একই সময়ের সংবাদ প্রতিবেদনেও তথ্য পাওয়া যায়। ১২ আগস্ট প্রকাশিত স্টার নিউজের প্রতিবেদনে মাদারীপুরের নদীগুলো থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সচেতন নাগরিকদের উদ্যোগে ওই মশাল মিছিলের আয়োজনের কথা উল্লেখ করা হয়। ফলে ভিডিওটির প্রকৃত ঘটনা, স্থান ও সময়ের সঙ্গে আওয়ামী লীগের সাম্প্রতিক ‘লকডাউন’ কর্মসূচির দাবির কোনো মিল পাওয়া যায় না।

এ ছাড়া একই ভিডিও এর আগেও ভিন্ন একটি দাবিতে প্রচারিত হওয়ার প্রমাণ রয়েছে। গত ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ নিহত ব্যক্তিদের স্মরণে আয়োজিত মশাল মিছিলের দৃশ্য দাবি করে ভিডিওটি ছড়ানো হয়েছিল। পরে যাচাইয়েও ভিডিওটির প্রকৃত উৎস হিসেবে মাদারীপুরের ১২ আগস্টের মশাল মিছিলের বিষয়টি উঠে আসে।

অর্থাৎ, মাদারীপুরে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে গত ১২ আগস্ট অনুষ্ঠিত একটি মশাল মিছিলের পুরোনো ভিডিওকে নতুন করে আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচির দৃশ্য হিসেবে উপস্থাপন করা হয়েছে। পুরোনো একটি ভিন্ন ঘটনার ভিডিওকে সাম্প্রতিক রাজনৈতিক কর্মসূচির সঙ্গে যুক্ত করে প্রচার করায় দাবিটি বিভ্রান্তিকর ও অসত্য। 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular