
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দাবি ছড়িয়ে পড়েছে, যেখানে বলা হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচনে বাংলাদেশের প্রার্থী ড. খলিলুর রহমানের পক্ষে পাকিস্তান ভোট দিয়েছে, আর ভারতের ভোট গেছে তার প্রতিদ্বন্দ্বীর পক্ষে। তবে তথ্য যাচাইয়ে এ দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।
অনুসন্ধানে দেখা যায়, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচন সংস্থাটির নির্ধারিত নিয়ম অনুযায়ী গোপন ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত হয়। এ ধরনের ভোটে কোন সদস্য রাষ্ট্র কাকে ভোট দিয়েছে, সেই তথ্য প্রকাশ করা হয় না। ফলে কোনো দেশ নির্দিষ্ট প্রার্থীর পক্ষে বা বিপক্ষে ভোট দিয়েছে—এমন দাবি করার মতো যাচাইযোগ্য তথ্যও জনসমক্ষে থাকে না।
নির্বাচনের ফলাফল সংক্রান্ত জাতিসংঘের আনুষ্ঠানিক তথ্য থেকে জানা যায়, ড. খলিলুর রহমান সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তবে ভোটদাতা দেশগুলোর অবস্থান বা ভোটের বিবরণ কোথাও প্রকাশ করা হয়নি। একইভাবে আন্তর্জাতিক গণমাধ্যম ও সংশ্লিষ্ট সূত্রগুলোতেও ভারত, পাকিস্তান বা অন্য কোনো দেশের ভোটের দিকনির্দেশনা নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
অতএব, গোপন ব্যালটের নির্বাচনে কোন দেশ কাকে ভোট দিয়েছে সে তথ্য জানা সম্ভব নয়। এমন পরিস্থিতিতে বাংলাদেশের পক্ষে পাকিস্তান এবং বিপক্ষে ভারত ভোট দিয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত দাবিটি অনুমাননির্ভর, প্রমাণহীন এবং বিভ্রান্তিকর।
সুতরাং, ‘জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচনে বাংলাদেশের পক্ষে পাকিস্তান ও বিপক্ষে ভারতের ভোট’ শীর্ষক প্রচারিত দাবিটি ভিত্তিহীন ও মিথ্যা।

