সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহের ছবি দাবিতে একটি ছবি ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে।
অনুসন্ধানে জানা যায়, আলোচিত ছবিটি বাস্তব কোনো আলোকচিত্র নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সহায়তায় তৈরি একটি ছবিকে খামেনির মরদেহের ছবি দাবিতে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আন্তর্জাতিক গণমাধ্যম ও নির্ভরযোগ্য সূত্রে খামেনির মরদেহের কোনো ছবি প্রকাশিত হয়েছে কি না তা যাচাই করা হয়। অনুসন্ধানে দেখা যায়, জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য ইরানের জাতীয় পতাকায় আচ্ছাদিত তার কফিন প্রকাশ্যে আনা হলেও মরদেহের কোনো ছবি প্রকাশ করা হয়নি। এ সংক্রান্ত নির্ভরযোগ্য কোনো সংবাদ, সরকারি প্রকাশনা বা বিশ্বস্ত সূত্রেও এমন ছবি পাওয়া যায়নি।
পরবর্তীতে আলোচিত ছবিটি এআই শনাক্তকরণ পদ্ধতিতে বিশ্লেষণ করে দেখা যায়, এটি কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি। এছাড়া, ছবিটিতে এআই-নির্মিত কনটেন্টে সাধারণত দেখা যায় এমন বিভিন্ন ভিজ্যুয়াল বৈশিষ্ট্যও পরিলক্ষিত হয়, যা এর বাস্তব ছবি না হওয়ার বিষয়টিকে আরও সমর্থন করে।
সুতরাং, আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহের ছবি দাবিতে প্রচারিত ভাইরাল ছবিটি বাস্তব নয়; এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সহায়তায় নির্মিত।

