সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বরিশালের পাথরঘাটায় অবস্থিত শহীদ আবু সাঈদ চত্বরে এক বৃদ্ধকে প্রস্রাব করতে দেখা যাচ্ছে—এমন একটি ছবি ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে।
অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ছবিটি বাস্তব কোনো ঘটনার নয়। প্রকৃতপক্ষে, একটি আসল ছবিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে বিভ্রান্তিকর এই দৃশ্য তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে ছবিটির সত্যতা যাচাই করে এর পক্ষে কোনো নির্ভরযোগ্য সংবাদ, প্রত্যক্ষদর্শীর তথ্য বা বিশ্বস্ত সূত্র পাওয়া যায়নি। পরবর্তীতে স্থানীয় একটি সংবাদভিত্তিক ফেসবুক পেজে প্রকাশিত একই স্থানের একটি আসল ছবি পাওয়া যায়। ছবিটি বিশ্লেষণ করে দেখা যায়, ব্যানার, স্মৃতিস্তম্ভ, ক্যামেরার অ্যাঙ্গেল এবং আশপাশের পরিবেশ আলোচিত ভাইরাল ছবির সঙ্গে পুরোপুরি মিল রয়েছে। তবে ভাইরাল ছবিতে দেখা যাওয়া বৃদ্ধ এবং প্রস্রাব করার দৃশ্যটি মূল ছবিতে নেই।
এ থেকে স্পষ্ট হয়, মূল ছবিকে ডিজিটালভাবে পরিবর্তন করে অতিরিক্ত ওই ব্যক্তির অবয়ব যুক্ত করা হয়েছে। পরবর্তীতে এআই শনাক্তকারী টুলের বিশ্লেষণেও ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় সম্পাদিত হওয়ার উচ্চ সম্ভাবনা পাওয়া যায়।
সুতরাং, শহীদ আবু সাঈদ চত্বরে এক বৃদ্ধের প্রস্রাব করার দাবিতে প্রচারিত ভাইরাল ছবিটি বাস্তব নয়; এটি এআই প্রযুক্তির সহায়তায় সম্পাদিত একটি বিভ্রান্তিকর ছবি।

