সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াতে ইসলামী থেকে কুষ্টিয়া-৩ আসনে নির্বাচিত সংসদ সদস্য আমির হামজার একটি বক্তব্যের ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, তিনি কুরআনে ৫৩ জায়গায় ভুল রয়েছে বলে মন্তব্য করেছেন।
ভিডিওটির প্রচারিত অংশটি পর্যালোচনা করে এমন ধারণা তৈরি হলেও সম্পূর্ণ বক্তব্যের প্রেক্ষাপট ভিন্ন। আমির হামজা সেখানে কুরআনে ভুল থাকার বিষয়ে নিজের কোনো মতামত দিচ্ছিলেন না। বরং একজন অমুসলিম নারীর ইসলাম গ্রহণের ঘটনা বর্ণনা করার সময় ওই নারীর বক্তব্য তুলে ধরছিলেন।
অর্থাৎ, ভিডিওতে ‘কুরআনে ৫৩ জায়গায় ভুল পেয়েছি’ বক্তব্যটি আমির হামজার নিজের বক্তব্য হিসেবে উপস্থাপন করা হলেও প্রকৃতপক্ষে তিনি একজন নারীর ভাষ্য বর্ণনা করছিলেন। বক্তব্যের আগের ও পরের অংশ বাদ দিয়ে কেবল নির্দিষ্ট অংশ প্রচার করায় বক্তার অবস্থান সম্পর্কে ভিন্ন ধারণা তৈরি হচ্ছে।
ফলে আমির হামজা নিজে কুরআনে ৫৩ জায়গায় ভুল থাকার দাবি করেছেন এমন প্রচারের সঙ্গে তাঁর সম্পূর্ণ বক্তব্যের প্রেক্ষাপটের মিল নেই। খণ্ডিত ভিডিও ব্যবহার করে তাঁর বক্তব্যের অর্থ পরিবর্তিতভাবে উপস্থাপন করা হয়েছে।

