Google search engine
HomeOthers‘আমাদের ছোটবেলায় তো বিদ্যুৎই ছিল না, এখন ১৬/১৭ ঘণ্টা বিদ্যুৎ না থাকলে...

‘আমাদের ছোটবেলায় তো বিদ্যুৎই ছিল না, এখন ১৬/১৭ ঘণ্টা বিদ্যুৎ না থাকলে সরকারকে গালাগালি করেন’—ইকবাল হাসান মাহমুদ টুকুর নামে প্রচারিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে উদ্ধৃত করে দাবি করা হচ্ছে, তিনি বলেছেন, “আমাদের ছোটবেলায় তো বিদ্যুৎই ছিল না। তখন কি আমরা বাঁচি নাই? আর এখন মাত্র ১৬/১৭ ঘণ্টা বিদ্যুৎ না থাকলে আপনারা সরকারকে গালাগালি করেন।” বক্তব্যটি বিদ্যুৎ সংকট নিয়ে মন্ত্রীর মন্তব্য হিসেবে প্রচার করা হচ্ছে।

তবে অনুসন্ধানে দেখা যায়, ইকবাল হাসান মাহমুদ টুকু এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, ‘Gupto TV’ নামের একটি ব্যঙ্গাত্মক বা স্যাটায়ারধর্মী ফেসবুক পেজে প্রকাশিত পোস্টকে পরবর্তীতে আসল বক্তব্য হিসেবে প্রচার করা হয়েছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলাফ্যাক্ট’ও দাবিটিকে মিথ্যা হিসেবে শনাক্ত করেছে।

দাবিটির সত্যতা যাচাইয়ে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর এমন বক্তব্যের বিষয়ে গণমাধ্যমসহ নির্ভরযোগ্য কোনো সূত্রে তথ্য পাওয়া যায়নি। একই বক্তব্যের কোনো ভিডিও, সাক্ষাৎকার বা আনুষ্ঠানিক বক্তব্যের রেকর্ডও পাওয়া যায়নি।

অন্যদিকে, আলোচিত ফটোকার্ডটির উৎস অনুসন্ধানে ‘Gupto TV’ নামের ফেসবুক পেজে গত ১২ আগস্ট একই বক্তব্যসংবলিত মূল ফটোকার্ডটি পাওয়া যায়। পেজটির পরিচিতিতেই এটিকে ‘Satire & Parody platform’ হিসেবে উল্লেখ করা হয়েছে এবং সেখানে প্রকাশিত কনটেন্ট বিনোদন, হাস্যরস ও ব্যঙ্গের উদ্দেশ্যে তৈরি বলে জানানো হয়েছে। অর্থাৎ, এটি কোনো সংবাদমাধ্যম বা তথ্যভিত্তিক সংবাদ প্ল্যাটফর্ম নয়।

ফলে একটি ব্যঙ্গাত্মক পেজে প্রকাশিত কাল্পনিক বক্তব্যকে উৎস বা প্রেক্ষাপট বাদ দিয়ে ইকবাল হাসান মাহমুদ টুকুর প্রকৃত মন্তব্য হিসেবে উপস্থাপন করা হয়েছে। এভাবে স্যাটায়ার কনটেন্টকে বাস্তব বক্তব্য হিসেবে ছড়িয়ে দেওয়ায় পাঠক-দর্শকের মধ্যে বিভ্রান্তি তৈরি হওয়ার সুযোগ রয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular