Google search engine
HomePoliticsআওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাম্প্রতিক কোনো মিছিলের ভিডিও দাবিতে প্রচারিত ফুটেজটি...

আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাম্প্রতিক কোনো মিছিলের ভিডিও দাবিতে প্রচারিত ফুটেজটি নতুন নয়; এটি ২০২৪ সালের ৬ আগস্ট গোপালগঞ্জে অনুষ্ঠিত একটি পুরোনো মিছিলের ভিডিও, যা বর্তমান ঘটনার সঙ্গে যুক্ত করে বিভ্রান্তিকরভাবে প্রচার করা হচ্ছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি মিছিলের ভিডিও ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে। বিভিন্ন পোস্টে ইঙ্গিত দেওয়া হচ্ছে যে, ভিডিওটি দলটির ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত কোনো কর্মসূচির দৃশ্য। কিছু ছাত্রলীগ ও দলীয় অ্যাক্টিভিস্টও ভিডিওটি নতুন ঘটনার ভিডিও হিসেবে শেয়ার করছেন।

তথ্য যাচাই করে দেখা যায়, ভাইরাল ভিডিওটির সঙ্গে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত কোনো সাম্প্রতিক কর্মসূচির সম্পর্ক নেই। প্রকৃতপক্ষে, এটি ২০২৪ সালের ৬ আগস্ট গোপালগঞ্জে অনুষ্ঠিত একটি পুরোনো মিছিলের ভিডিও, যা বর্তমান প্রেক্ষাপটে পুনরায় প্রচার করা হচ্ছে।

অনুসন্ধানে ভিডিওটির উৎস খুঁজতে গিয়ে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজমের ফেসবুক অ্যাকাউন্টে ২০২৪ সালের ৬ আগস্ট প্রকাশিত একই ভিডিওর সন্ধান পাওয়া যায়। ভিডিওটি পর্যালোচনা করলে দেখা যায়, মিছিলের সামনের সারিতে তিনিসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভিডিওটির লোকেশন যাচাই করতে গুগল স্ট্রিট ভিউ ও স্থানীয় স্থাপনার সঙ্গে তুলনা করা হলে দেখা যায়, ফুটেজটি গোপালগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কে ধারণ করা হয়েছে। ভিডিওতে দৃশ্যমান বিভিন্ন দোকানপাট, সড়ক অবকাঠামো এবং আশপাশের স্থাপনার সঙ্গে ওই এলাকার বাস্তব অবস্থানের মিল পাওয়া যায়।

এছাড়া, ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনার দেশত্যাগ-পরবর্তী সময়ে গোপালগঞ্জে অনুষ্ঠিত আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে প্রকাশিত একাধিক সংবাদ প্রতিবেদনেও একই মিছিলের উল্লেখ পাওয়া যায়, যা ভিডিওটির সময়কাল ও প্রেক্ষাপট নিশ্চিত করে।

সুতরাং, আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাম্প্রতিক কোনো মিছিলের ভিডিও দাবিতে প্রচারিত ফুটেজটি নতুন নয়; এটি ২০২৪ সালের ৬ আগস্ট গোপালগঞ্জে অনুষ্ঠিত একটি পুরোনো মিছিলের ভিডিও, যা বর্তমান ঘটনার সঙ্গে যুক্ত করে বিভ্রান্তিকরভাবে প্রচার করা হচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular