সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরের নামে একটি মন্তব্যের ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। এতে দাবি করা হয়, তিনি বলেছেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের ভাই, তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের সকলের।’
দাবিটির সত্যতা যাচাই করে দেখা যায়, সৈয়দ আবদুল্লাহ মো. তাহের এমন কোনো মন্তব্য করেছেন, এমন নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। তার বক্তব্য হিসেবে প্রচারিত ফটোকার্ডটিরও কোনো গ্রহণযোগ্য সংবাদসূত্র উল্লেখ করা হয়নি।
আলোচিত ফটোকার্ডটির উৎস অনুসন্ধান করতে গিয়ে ‘Daily Jamaat-er Somoy’ নামের একটি ফেসবুক পেজে গত ২৬ সেপ্টেম্বর একই ফটোকার্ডের একটি পোস্ট পাওয়া যায়। পেজটির পরিচিতি ও প্রকাশিত কনটেন্ট পর্যালোচনা করে দেখা যায়, এটি নিজেকে প্যারোডি বা স্যাটায়ার পেজ হিসেবে উপস্থাপন করে।
পেজটিতে একই ধরনের আরও একাধিক ব্যঙ্গাত্মক পোস্টও প্রকাশিত হয়েছে। এসব কনটেন্টের ধরন ও উপস্থাপনা পর্যালোচনা করলে স্পষ্ট হয়, আলোচিত ফটোকার্ডটিও বাস্তব সংবাদ বা কোনো নেতার সত্যিকারের বক্তব্য হিসেবে প্রকাশ করা হয়নি; বরং ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই এর সূত্রপাত।
পরবর্তীতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড ব্যবহার করে অনুসন্ধান চালিয়েও সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরের এমন কোনো বক্তব্যের অস্তিত্ব পাওয়া যায়নি। ফলে স্যাটায়ার পেজে প্রকাশিত একটি ব্যঙ্গাত্মক পোস্টকে তার প্রকৃত মন্তব্য হিসেবে উপস্থাপন করার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
সুতরাং, ‘আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের ভাই, তাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের’—এমন মন্তব্য সৈয়দ আবদুল্লাহ মো. তাহের করেছেন দাবিতে প্রচারিত ফটোকার্ডটি একটি স্যাটায়ার পোস্ট থেকে তৈরি এবং দাবিটি ভুয়া ও বানোয়াট।

