৫ অক্টোবর রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মিছিল করেন অটোরিকশাচালকেরা। পরে আন্দোলনকারীদের একটি অংশ জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে পুলিশি হয়রানি, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা এবং অটোরিকশা সমিতির গ্রেপ্তার হওয়া নেতাদের মুক্তির দাবিতে প্রতিবাদ জানান। এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আন্দোলনকারীদের একটি প্ল্যাকার্ডের ছবি ছড়িয়ে পড়ে। ছবিতে প্ল্যাকার্ডে ‘ভাত দে, কাপড় দে! নইলে গদি ছাইড়া দে’ লেখা দেখা যায়। তবে অনুসন্ধানে ছবিটিতে প্ল্যাকার্ডের মূল স্লোগান পরিবর্তনের প্রমাণ পাওয়া গেছে।
অনুসন্ধানে দেখা যায়, ‘Bahanno News’ নামের একটি ফেসবুক পেজে গত ৫ অক্টোবর অটোরিকশাচালকদের বিক্ষোভের কয়েকটি ছবি প্রকাশ করা হয়। পোস্টের বিবরণ অনুযায়ী, অটোরিকশা সমিতির গ্রেপ্তার হওয়া নেতাদের মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। এখানে প্রকাশিত ছবিগুলোর মধ্যে একটি ছবির সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিটির পারিপার্শ্বিক দৃশ্যের মিল পাওয়া যায়।
তবে মূল ছবিতে প্ল্যাকার্ডে ‘ভাত দে, কাপড় দে! নইলে গদি ছাইড়া দে’ লেখা ছিল না। সেখানে লেখা ছিল, ‘রাস্তা আছে যেখানে, অটো চলবে সেখানে।’ অর্থাৎ, একই ঘটনার মূল ছবিতে থাকা প্ল্যাকার্ডের স্লোগান পরিবর্তন করে নতুন লেখা যুক্ত করা হয়েছে। ফলে প্রচারিত ছবিটি আন্দোলনকারীদের হাতে থাকা প্ল্যাকার্ডের প্রকৃত বক্তব্য তুলে ধরে না।
এ ছাড়া, অটোরিকশাচালকদের ওই আন্দোলনে ‘ভাত দে, কাপড় দে! নইলে গদি ছাইড়া দে’ স্লোগানযুক্ত প্ল্যাকার্ড থাকার দাবির পক্ষে গণমাধ্যম বা অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রেও প্রমাণ পাওয়া যায়নি।
সুতরাং, অটোরিকশাচালকদের আন্দোলনের প্ল্যাকার্ডে ‘ভাত দে, কাপড় দে! নইলে গদি ছাইড়া দে’ স্লোগান থাকার দাবিতে প্রচারিত ছবিটি সম্পাদিত।

