রাজধানীর শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি বিকৃত করার চেষ্টা, উসকানিমূলক বক্তব্য এবং ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অভিযোগে করা মামলায় ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’-এর সদস্যসচিব আ ন ম আয়াসসহ চারজনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ছড়িয়ে দাবি করা হচ্ছে, পুলিশি মারধরের শিকার হয়ে আ ন ম আয়াস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে ছবিটির উৎস যাচাই করে দেখা যায়, এটি সাম্প্রতিক ঘটনার নয়; বরং কয়েক মাস আগের একটি সংঘর্ষে আহত হওয়ার সময়কার ছবি।
অনুসন্ধানে দেখা যায়, আ ন ম আয়াসের ভেরিফায়েড ফেসবুক পেজে গত ৪ আগস্ট একই ছবি প্রকাশ করা হয়েছিল। ওই পোস্টে দাবি করা হয়, নতুন ধারা বাংলাদেশের ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা ও তাঁর দলের সদস্যদের হামলায় আ ন ম আয়াস গুরুতর আহত হয়েছেন এবং তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অর্থাৎ, ছবিটি আগস্ট মাসে প্রকাশিত একটি পৃথক ঘটনার সঙ্গে সম্পর্কিত।
এ ছাড়া, দৈনিক সময়ের আলো গত ৪ আগস্ট এ ঘটনায় একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনটিতে নতুন ধারা বাংলাদেশ ও রাষ্ট্রীয় সংলাপ ফোরামের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের কথা উল্লেখ করা হয়। এতে শান্তা ফারজানা ও আ ন ম আয়াসসহ উভয় পক্ষের কয়েকজন আহত হন এবং আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় বলে জানানো হয়।
অর্থাৎ, আলোচিত ছবিটি সাম্প্রতিক মামলার পর পুলিশি হেফাজতে আ ন ম আয়াসের ওপর নির্যাতনের প্রমাণ নয়। ছবিটি গত ৪ আগস্ট দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত হওয়ার ঘটনার সময় প্রকাশিত হয়েছিল। পুরোনো সেই ছবিকে বর্তমান ঘটনার সঙ্গে যুক্ত করে প্রচার করায় ছবিটির প্রেক্ষাপট সম্পর্কে বিভ্রান্তি তৈরি হচ্ছে।
সুতরাং, পুলিশের মারধরে আ ন ম আয়াস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন দাবিতে প্রচারিত ছবিটি পুরোনো ঘটনার। ছবির মাধ্যমে করা দাবিটি বিভ্রান্তিকর।

