সম্প্রতি দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক নারীকে বঙ্গভবনে প্রবেশ করতে দেখা যায়। এর পরিপ্রেক্ষিতে ওই নারীকে ড. ইউনূসের ব্যক্তিগত সহকারী দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানে জানা যায়, প্রচারিত দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বঙ্গভবনে যাওয়া ওই নারী তার ব্যক্তিগত সহকারী নন; তিনি তার ছোট কন্যা দিনা আফরোজ ইউনূস।
আলোচিত দাবির বিষয়ে অনুসন্ধানে একই দিনের বিভিন্ন ভিডিও ও প্রকাশিত তথ্য পর্যালোচনা করা হয়। গণমাধ্যম খবরের কাগজ-এর ফেসবুক পেজে প্রচারিত একটি ভিডিওতে ড. ইউনূসের সঙ্গে থাকা নারীকে তার কন্যা হিসেবে উল্লেখ করা হয়েছে। একইভাবে ‘BD Politics-বিডি পলিটিক্স’ নামের সংবাদভিত্তিক ইউটিউব চ্যানেলে প্রচারিত একাধিক ভিডিওতেও তাকে ড. ইউনূসের ছোট কন্যা দিনা ইউনূস হিসেবে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া, ড. ইউনূসের সঙ্গে ওই নারীর পরিচয় আরও যাচাই করতে তার সঙ্গে প্রকাশিত বিভিন্ন পুরোনো ছবিও পর্যালোচনা করা হয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ড. ইউনূসের তোলা একটি ছবিতে একই নারীকে দেখা যায় এবং পোস্টের বর্ণনায় তাকে ড. ইউনূসের ছোট কন্যা দিনা আফরোজ ইউনূস হিসেবে উল্লেখ করা হয়েছে। আলোচিত ভিডিওর নারীর সঙ্গে এসব ছবিতে থাকা নারীর চেহারারও স্পষ্ট মিল পাওয়া যায়।
এ ছাড়া, বিভিন্ন সূত্রে ড. মুহাম্মদ ইউনূসের দুই কন্যার তথ্য পাওয়া যায়। তার বড় কন্যা মনিকা ইউনূস এবং ছোট কন্যা দিনা আফরোজ ইউনূস।
অর্থাৎ, বঙ্গভবনে ড. ইউনূসের সঙ্গে থাকা নারীর পরিচয় তার ছোট কন্যা দিনা আফরোজ ইউনূস হিসেবে একাধিক সূত্রে নিশ্চিত হওয়া যায়। তাকে ব্যক্তিগত সহকারী হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
সুতরাং, ড. মুহাম্মদ ইউনূসের কন্যা দিনা আফরোজ ইউনূসকে তার ব্যক্তিগত সহকারী দাবি করে প্রচারিত ভিডিওটি বিভ্রান্তিকর।

