জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নাবিলা তাসনিদের ব্যক্তিগত ভিডিও দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটি প্রচার করে ক্যাপশনে বলা হচ্ছে, ‘এনসিপির মুখ্য সমন্বয়ক নাবিলা তাসনিদের অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।’
অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ভিডিওটি নাবিলা তাসনিদের নয়। ইন্টারনেটে আগে থেকে প্রচারিত ভিন্ন এক নারীর ব্যক্তিগত ভিডিও সংগ্রহ করে তাঁর নামে ছড়িয়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ‘singh__is___0’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ২১ অক্টোবর প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। সেটির সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে। অ্যাকাউন্টটির ‘About’ বিভাগ পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি ভারত থেকে পরিচালিত হচ্ছে।
অন্যদিকে, প্রচারিত ভিডিওতে থাকা নারীর মুখমণ্ডলের সঙ্গে নাবিলা তাসনিদের প্রকাশ্য ছবি তুলনা করলে দুজনের চেহারায় স্পষ্ট অমিল দেখা যায়। অর্থাৎ, ভিডিওতে থাকা নারী নাবিলা তাসনিদ নন।
এ ছাড়া ভিডিওর ক্যাপশনে নাবিলা তাসনিদকে এনসিপির মুখ্য সমন্বয়ক হিসেবে উল্লেখ করা হলেও দলটিতে বর্তমানে এ পদ নেই। নাবিলা তাসনিদ দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সুতরাং, ইন্টারনেটে আগে থেকে প্রচারিত ভিন্ন এক নারীর ব্যক্তিগত ভিডিওকে এনসিপি নেত্রী নাবিলা তাসনিদের ভিডিও বলে প্রচার করা হয়েছে। দাবিটি মিথ্যা ও বিভ্রান্তিকর।

