Google search engine
HomePoliticsড. মুহাম্মদ ইউনূস অজানা গন্তব্যের উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়ে পালিয়েছেন শীর্ষক প্রচারটি বিভ্রান্তিকর

ড. মুহাম্মদ ইউনূস অজানা গন্তব্যের উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়ে পালিয়েছেন শীর্ষক প্রচারটি বিভ্রান্তিকর

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়েছে, প্রাইভেট জেটে করে অজানা গন্তব্যের উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়ে পালিয়েছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এ ছাড়া, ভারতীয় সংবাদমাধ্যম ‘নর্থইস্ট নিউজ’-এর ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়, ড. ইউনূস ‘বোম্বার্ডিয়ার গ্লোবাল ৬০০০’ মডেলের একটি প্রাইভেট জেটে করে ২৩ নভেম্বর অজানা গন্তব্যের উদ্দেশ্যে মালয়েশিয়া যাচ্ছেন। তবে সেখানে কেন বা কার সঙ্গে দেখা করতে যাচ্ছেন, সে বিষয়ে কিছু জানা যায়নি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। পাশাপাশি, বিমানটির গঠন ও ব্যয়সংক্রান্ত বিভিন্ন তথ্যও প্রকাশ করা হয়।

অনুসন্ধানে দেখা যায়, ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাননি। প্রকৃতপক্ষে, মালয়েশিয়ার আলবুখারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সপ্তম সমাবর্তনে যোগ দিতে গত ২৩ নভেম্বর তিনি দেশটিতে গেছেন। ড. ইউনূস বিশ্ববিদ্যালয়টির চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করছেন এবং এর আগেও প্রতিষ্ঠানটির সমাবর্তনে অংশ নিয়েছেন।

এ বিষয়ে সংবাদমাধ্যম ‘নিউ এজ’-এর ওয়েবসাইটে গত ২৩ নভেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটিতে বলা হয়, নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস সোমবার (২৩ নভেম্বর) মালয়েশিয়ার আলবুখারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সপ্তম সমাবর্তনে যোগ দেন। বিশ্ববিদ্যালয়টির চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করা ড. ইউনূস প্রতিষ্ঠাতার উদ্যোগে ব্যবস্থা করা একটি চার্টার্ড বিমানে ২৩ নভেম্বর সকালে ঢাকা থেকে মালয়েশিয়া যান। দেশটির কেদাহ রাজ্যের আলোর সেতারে অবস্থিত বিশ্ববিদ্যালয়টির সমাবর্তন অনুষ্ঠানে তিনি ২০২৬ সালের শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের হাতে ডিগ্রি তুলে দেন।

এ ছাড়া, ড. মুহাম্মদ ইউনূসের ভেরিফায়েড ফেসবুক পেজেও বিশ্ববিদ্যালয়টির সমাবর্তনে অংশ নেওয়ার বিষয়ে একটি পোস্ট পাওয়া যায়। আলবুখারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইটেও গত ২৩ নভেম্বর অনুষ্ঠিত প্রতিষ্ঠানটির সপ্তম সমাবর্তনের তথ্য রয়েছে। একই ওয়েবসাইটে বিশ্ববিদ্যালয়টির চ্যান্সেলর হিসেবে ড. ইউনূসের নামও উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালের ২৬ মার্চ বিশ্ববিদ্যালয়টির প্রথম সমাবর্তনেও ড. ইউনূস ও প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সৈয়দ মোখতার আলবুখারি উপস্থিত ছিলেন। একই বছরের ২৭ নভেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়টির দ্বিতীয় সমাবর্তনেও অংশ নেন ড. ইউনূস। অর্থাৎ, বিশ্ববিদ্যালয়টির সমাবর্তনে তাঁর অংশগ্রহণ নতুন কোনো ঘটনা নয়।

আলবুখারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, মালয়েশিয়ার ব্যবসায়ী সৈয়দ মোখতার আলবুখারি বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। এটি ‘আলবুখারি ফাউন্ডেশন’-এর মাধ্যমে পরিচালিত হয়। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ও সাময়িকী ‘ফোর্বস-এর’ তথ্যানুযায়ী, সৈয়দ মোখতার আলবুখারি মালয়েশিয়ার দশম শীর্ষ ধনী ব্যক্তি এবং তাঁর সম্পদের পরিমাণ প্রায় ৩.৫ বিলিয়ন মার্কিন ডলার।

অর্থাৎ, ড. মুহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফরের উদ্দেশ্য ছিল আলবুখারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমাবর্তনে অংশগ্রহণ। বিশ্ববিদ্যালয়টির চ্যান্সেলর হিসেবে তিনি এর আগেও একাধিক সমাবর্তনে যোগ দিয়েছেন। ফলে তাঁর এই সফরকে বাংলাদেশ ছেড়ে অজানা গন্তব্যে পালিয়ে যাওয়া হিসেবে প্রচার করার সুযোগ নেই।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular