Google search engine
HomePoliticsশেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সেনা সদস্যদের বক্তব্য দাবিতে এআই-নির্মিত ভিডিও প্রচার

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সেনা সদস্যদের বক্তব্য দাবিতে এআই-নির্মিত ভিডিও প্রচার

সম্প্রতি শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে জাতির উদ্দেশে সেনা সদস্যদের বক্তব্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

ভিডিওতে সেনাবাহিনীর পোশাকের আদলে পোশাক পরিহিত এক ব্যক্তিকে বলতে শোনা যায়, শেখ হাসিনা ১৬ ডিসেম্বরের মধ্যেই দেশে ফিরবেন। এ ছাড়া, ভারতের দুইজন চিফ হুইপসহ শেখ হাসিনার দলের কেন্দ্রীয় চারজন নেতা বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করে দেশে ফেরার রোডম্যাপ নির্ধারণে বৈঠক করেছেন বলেও দাবি করা হয়। ভিডিওতে ওই ব্যক্তিকে আরও বলতে শোনা যায়, সেনাবাহিনী কোনো রাজনৈতিক দলের পক্ষ নয় এবং জনগণ যাকে চাইবে, তারা তাকেই সমর্থন করবে।

অনুসন্ধানে দেখা যায়, শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সেনা সদস্যদের এমন কোনো বক্তব্যের তথ্য বা প্রমাণ মূলধারার গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য সরকারি সূত্রে পাওয়া যায়নি। পাশাপাশি, ভিডিওটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলে এতে থাকা ব্যক্তির মুখাবয়ব, শারীরিক ভঙ্গি ও পারিপার্শ্বিক পরিবেশে বেশ কিছু অস্বাভাবিকতা ও অসংগতি চোখে পড়ে, যা এআই দিয়ে তৈরি ভিডিওর বৈশিষ্ট্যের সঙ্গে মেলে।

বিষয়টি আরও নিশ্চিত হতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল ‘Hive Moderation’-এর মাধ্যমে ভিডিওটি পরীক্ষা করা হয়। টুলটির বিশ্লেষণে ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ বলে উঠে আসে। পাশাপাশি, ভিডিওটির অডিওও এআই প্রযুক্তিতে তৈরি হওয়ার সম্ভাবনা সিংহভাগ বলে শনাক্ত হয়।

সুতরাং, শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে জাতির উদ্দেশে সেনা সদস্যদের বক্তব্য দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয়; এটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular