Google search engine
HomePoliticsফিলিপাইনের প্রেসিডেন্টের সৌরবিদ্যুৎকেন্দ্র উদ্বোধনে যাওয়ার ভিডিওকে আওয়ামী লীগের চার শীর্ষ নেতার সীমান্ত...

ফিলিপাইনের প্রেসিডেন্টের সৌরবিদ্যুৎকেন্দ্র উদ্বোধনে যাওয়ার ভিডিওকে আওয়ামী লীগের চার শীর্ষ নেতার সীমান্ত পরিদর্শনের দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা।

সম্প্রতি ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে প্রত্যাবর্তনের পথ খতিয়ে দেখতে আওয়ামী লীগের চার শীর্ষ নেতা জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, এ এফ এম বাহাউদ্দিন নাছিম ও আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত পরিদর্শন করেছেন এবং এ বিষয়ে বৈঠক করেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এই গুঞ্জনের সূত্র ধরে হেলিকপ্টার অবতরণের একটি ভিডিও প্রচার করে সেটিকে ওই চার নেতার সীমান্ত পরিদর্শনের দৃশ্য বলে দাবি করা হচ্ছে।

অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটি আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সীমান্ত পরিদর্শনের ঘটনার নয়। প্রকৃতপক্ষে, ফিলিপাইনের বর্তমান প্রেসিডেন্ট ফার্দিনান্দ রোমুয়ালদেজ মার্কোস জুনিয়র, যিনি বংবং মার্কোস নামে পরিচিত, একটি সৌরবিদ্যুৎকেন্দ্র উদ্বোধনে যাওয়ার ভিডিও এটি।

আলোচিত ভিডিওটির অনুরূপ একটি ভিডিও Mark Anthony Dela Cruz নামের এক ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্টে গত ১৪ জুলাই প্রকাশিত হতে দেখা যায়। ভিডিওটির শিরোনামে ‘BBM’ লেখা থাকলেও এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি। তবে ভিডিওটির শেষাংশে একটি গাড়িতে ‘PSPG’ লেখা সংবলিত লোগো দেখা যায়। ওই ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্ট পর্যালোচনা করে জানা যায়, তিনি ফিলিপাইনের নুয়েভা ইসিহা প্রদেশের গাপান শহরের বাসিন্দা।

পরবর্তীতে ‘BBM’ শব্দটির সঙ্গে ফিলিপাইনের সম্পৃক্ততা অনুসন্ধানে জানা যায়, দেশটির বর্তমান প্রেসিডেন্ট ফার্দিনান্দ রোমুয়ালদেজ মার্কোস জুনিয়রকে সংক্ষেপে ‘BBM’ নামে সম্বোধন করা হয়। অন্যদিকে, ‘PSPG’ হলো ফিলিপাইন ন্যাশনাল পুলিশের (PNP) বিশেষায়িত ইউনিট ‘Police Security and Protection Group’-এর সংক্ষিপ্ত রূপ। ইউনিটটি অনুমোদিত সরকারি কর্মকর্তা, সফররত বিদেশি বিশিষ্ট ব্যক্তি, গুরুত্বপূর্ণ স্থাপনা ও বেসরকারি ব্যক্তিদের নিরাপত্তা দিয়ে থাকে।

প্রাপ্ত তথ্যের সূত্র ধরে ফিলিপাইনের রাষ্ট্রপতির যোগাযোগ কার্যালয়ের ফেসবুক পেজে গত ১৪ জুলাই প্রকাশিত একটি পোস্ট পাওয়া যায়। ওই পোস্ট থেকে জানা যায়, সেদিন প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস নুয়েভা ইসিহা প্রদেশের গাপান শহরে অবস্থিত ‘MTerra Solar Phase I’ নামের একটি সৌরবিদ্যুৎকেন্দ্র উদ্বোধনে যান।

এ থেকে স্পষ্ট হয়, Mark Anthony Dela Cruz-এর ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওটি ফিলিপাইনের প্রেসিডেন্টের ওই বিদ্যুৎকেন্দ্র উদ্বোধনে যাওয়ার সময় ধারণ করা। ভিডিওতে ‘BBM’ লেখা এবং ‘PSPG’ লোগো সংবলিত গাড়ির উপস্থিতিও এর সঙ্গে ফিলিপাইনের সংশ্লিষ্টতার বিষয়টি নিশ্চিত করে।

অর্থাৎ, হেলিকপ্টার অবতরণের আলোচিত ভিডিওটির সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কিংবা আওয়ামী লীগের নেতাদের পেট্রাপোল সীমান্ত পরিদর্শনের কোনো সম্পর্ক নেই।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular