‘হাসনাত আবদুল্লাহর বাড়ি পুড়ে ছাই’ শিরোনামে একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দাবি করা হচ্ছে, এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। তবে অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি তাঁর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার নয়; এটি ২০২৫ সালের ডিসেম্বরে বান্দরবানে সাবেক পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের বাসভবনে অগ্নিসংযোগের পুরোনো দৃশ্য।
অনুসন্ধানে ২০২৫ সালের ১৯ ডিসেম্বর ‘Channel IR’ নামের একটি ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। এর সঙ্গে সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিওটির দৃশ্যের মিল রয়েছে। ভিডিওটির শিরোনাম থেকে জানা যায়, বান্দরবানে সাবেক মন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে বিক্ষুব্ধ ছাত্র-জনতা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছিল।
এ ছাড়া একই দিন এনটিভির ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে ১৮ ডিসেম্বর দিবাগত রাতে বান্দরবানে বিক্ষোভ মিছিল করেন ছাত্র-জনতা। এ সময় বিক্ষুব্ধ ব্যক্তিরা শহরের রাজারমাঠ এলাকায় সাবেক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের বাসভবনে অগ্নিসংযোগ করেন। পরে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ওই প্রতিবেদনে প্রকাশিত ছবির সঙ্গেও প্রচারিত ভিডিওর দৃশ্যের মিল পাওয়া যায়।
অন্যদিকে, হাসনাত আবদুল্লাহর বাড়িতে অগ্নিসংযোগের দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্য বা সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন পাওয়া যায়নি।
সুতরাং, বান্দরবানে সাবেক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের বাসভবনে অগ্নিসংযোগের পুরোনো ভিডিওকে হাসনাত আবদুল্লাহর বাড়িতে আগুন দেওয়ার দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।03:34 PM

