তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ পরিবারসহ দেশত্যাগ করেছেন—সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক অ্যাকাউন্ট থেকে এমন দাবি প্রচার করা হচ্ছে। তবে অনুসন্ধানে দেখা যায়, দাবিটির পক্ষে কোনো তথ্য-প্রমাণ নেই। বরং দেশত্যাগের গুজব ছড়ানোর পরও তাঁকে সরকারি অনুষ্ঠানে উপস্থিত থাকতে এবং পরদিন ভিডিও সাক্ষাৎকার দিতে দেখা গেছে।
অনুসন্ধানে দেখা যায়, গত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত বৈকালিক সংবর্ধনা অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার করে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। বিটিভির ফেসবুক পেজে প্রচারিত ওই সম্প্রচারের ৪টা ৫২ মিনিট ৩৯ সেকেন্ডের সময় ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থকে অনুষ্ঠানে উপস্থিত দেখা যায়।
এ ছাড়া, ২২ নভেম্বর রাতে ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে তাঁর একটি ভিডিও সাক্ষাৎকার প্রকাশ করা হয়। অর্থাৎ, সপরিবারে দেশত্যাগের দাবির পক্ষে কোনো প্রমাণ না থাকলেও এর বিপরীতে তাঁর সাম্প্রতিক জনসম্মুখে উপস্থিতি ও ভিডিও সাক্ষাৎকারের তথ্য পাওয়া গেছে।
সুতরাং, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের সপরিবারে দেশত্যাগের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট।

