সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘সেনাশাসন লোডিং’, ‘আমেরিকা চায় খলিলকে প্রধান করে সেনাশাসন’ এবং ‘খুব সম্ভবত ওয়াকারই হবেন প্রধান, ডেডলাইন ১ ডিসেম্বর’ শীর্ষক তথ্য ছড়ানো হচ্ছে। এসব পোস্টে দাবি করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের চাওয়ায় বাংলাদেশে সেনাশাসন প্রতিষ্ঠার প্রস্তুতি চলছে এবং ১ ডিসেম্বরের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।
অনুসন্ধানে দেখা যায়, এসব দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ নেই। যুক্তরাষ্ট্র বাংলাদেশে সেনাশাসন প্রতিষ্ঠা করতে চায়, খলিলকে প্রধান করার পরিকল্পনা রয়েছে কিংবা সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানকে সামনে রেখে ১ ডিসেম্বর সেনাশাসন জারি করা হবে, এমন কোনো তথ্যের সত্যতা পাওয়া যায়নি। এসব বক্তব্যের সমর্থনে কোনো সরকারি ঘোষণা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য কিংবা বিশ্বাসযোগ্য সংবাদমাধ্যমের প্রতিবেদনও নেই।
বিশেষভাবে লক্ষণীয়, সেনাশাসনের মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পরিবর্তনের ঘোষণা হিসেবে প্রচার করা হলেও এ বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) কোনো সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেনি। ফলে কোনো আনুষ্ঠানিক সূত্র ছাড়াই অনুমান ও মনগড়া বক্তব্যকে ‘ব্রেকিং নিউজ’ আকারে ছড়িয়ে দেওয়া হচ্ছে।
সুতরাং, যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় খলিলকে প্রধান করে সেনাশাসন প্রতিষ্ঠা, ওয়াকার-উজ-জামানকে সেনাশাসনের প্রধান করা এবং ১ ডিসেম্বরকে এর সময়সীমা হিসেবে প্রচারিত তথ্যগুলোর কোনো ভিত্তি নেই। এগুলো সম্পূর্ণ বানোয়াট ও বিভ্রান্তিকর প্রচারণা।

