সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, এটি ২০২৪ সালের অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের চিত্র। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘খুনি ইউনুস জামাত বিএনপির ২০২৪-এর বাংলাদেশ দখল কেমন ছিলো আবারও দেখুন! মবের জনক সুদি ইউনুস গং’। অর্থাৎ, ভিডিওটিকে অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের পরিস্থিতির দৃশ্য হিসেবে উপস্থাপন করা হয়েছে। ভিডিওতে কয়েকজন ব্যক্তিকে সংঘর্ষে জড়াতে দেখা যায়।
অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ভিডিওটি বাংলাদেশের নয়। এটি ২০২৫ সালের এপ্রিলে ভারতের পাঞ্জাবের ডেরাবাসির মুকান্দপুর গ্রামে অবৈধ খননকে কেন্দ্র করে সংঘটিত সংঘর্ষের ভিডিও। ওই ঘটনায় দুই পক্ষের মধ্যে প্রথমে গ্রামে সংঘর্ষ হয়। পরে আহত ব্যক্তিদের ডেরাবাসি সিভিল হাসপাতালে নেওয়া হলে সেখানেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
ভারতীয় সংবাদমাধ্যম নিউজএক্সের ‘NewsX Live’ ইউটিউব চ্যানেলে ২০২৫ সালের ১৩ এপ্রিল ‘Violence at Punjab Hospital: 11 Injured, Staff Attacked in Derabassi | NewsX Report’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদনে একই ঘটনার দৃশ্য পাওয়া যায়। প্রতিবেদনের দৃশ্যের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।
এ ছাড়া ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির ইউটিউব চ্যানেল ও দ্য টাইমস অব ইন্ডিয়ার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনেও একই সংঘর্ষের বিষয়ে তথ্য পাওয়া যায়।
সুতরাং, ভারতের পাঞ্জাবের একটি হাসপাতালে ২০২৫ সালের সংঘর্ষের ভিডিওকে ২০২৪ সালের অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; দাবিটি মিথ্যা।

