Google search engine
HomeOthers‘আওয়ামী লীগকে পথে নামার আহ্বান রুমিনের’ দাবিতে বক্তব্যের খণ্ডিত ভিডিও প্রচার

‘আওয়ামী লীগকে পথে নামার আহ্বান রুমিনের’ দাবিতে বক্তব্যের খণ্ডিত ভিডিও প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যারিস্টার রুমিন ফারহানার একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, তিনি আওয়ামী লীগকে আরও শক্তিশালী হয়ে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন। প্রচারিত ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, “আমি আওয়ামী লীগকে বলব, এখন পিছনে ফিরবার সময় নয়, এখন আর বসে থাকবার সময় নয়। আপনারাই আমাদের শক্তি, সুতরাং আপনাদের কাছে আমার আকুল আবেদন, আপনারা যে যেখানে যেভাবে পারেন আমাদের হাতকে শক্তিশালী করেন, পথে নামেন এবং ইনশাল্লাহ।” তবে অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি সম্পাদনার মাধ্যমে তাঁর বক্তব্যের ভিন্ন দুটি অংশ জুড়ে দিয়ে বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করা হয়েছে।

ভিডিওটির মূল উৎস অনুসন্ধান করে সময় টেলিভিশনের ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ৩১ মার্চ প্রকাশিত রুমিন ফারহানার একই মঞ্চে দেওয়া বক্তব্যের দীর্ঘ সংস্করণ পাওয়া যায়। মূল ভিডিওর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি তুলনা করে দেখা যায়, প্রচারিত ভিডিওতে বক্তব্যের বিভিন্ন অংশ কেটে জোড়া লাগানো হয়েছে।

মূল বক্তব্যে রুমিন ফারহানাকে প্রথমে বলতে শোনা যায়, “আমি আওয়ামী লীগকে বলব, ঠাকুরগাঁয়ে এসে দেখেন এই ছোট্ট শহরে আমার ভাইদের জমায়েত।” এরপর বক্তব্যের অন্য অংশে তিনি বলেন, “সুতরাং ভাইয়েরা আমার, এখন পিছনে ফিরবার সময় নয়, এখন আর বসে থাকবার সময় নয়। আপনারাই আমাদের শক্তি, আপনারাই বিএনপির শক্তি, আপনারাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শক্তি। সুতরাং আপনাদের কাছে আমার আকুল আবেদন, আপনারা যে যেখানে যেভাবে পারেন আমাদের হাতকে শক্তিশালী করেন, পথে নামেন।”

অর্থাৎ, বক্তব্যের শুরুতে আওয়ামী লীগকে উদ্দেশ করে ঠাকুরগাঁয়ে বিএনপির নেতাকর্মীদের জমায়েত দেখার কথা বললেও পরবর্তী অংশে রাজপথে নামার আহ্বানটি তিনি বিএনপির নেতাকর্মীদের উদ্দেশেই জানান। মূল বক্তব্যে বিএনপি, খালেদা জিয়া ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে দেওয়া স্লোগানও রয়েছে। কিন্তু প্রচারিত ভিডিওতে ‘আপনারাই আমাদের শক্তি’ কথাটির আগে থাকা ‘আপনারাই বিএনপির শক্তি’ অংশটি বাদ দেওয়া হয়েছে। ফলে বক্তব্যের প্রকৃত প্রেক্ষাপট আড়াল হয়ে গেছে।

সুতরাং, রুমিন ফারহানা আওয়ামী লীগকে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন দাবিতে প্রচারিত ভিডিওটি মূল বক্তব্যের নির্বাচিত অংশ কাটছাঁট ও জুড়ে তৈরি করা হয়েছে। প্রকৃতপক্ষে, রাজপথে নামার আহ্বানটি ছিল বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular