সম্প্রতি, চিকিৎসক ও গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুন নূর তুষারের নামে দৈনিক কালের কণ্ঠের ডিজাইনসংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফটোকার্ডটিতে দাবি করা হয়েছে, তিনি মন্তব্য করেছেন— “শত বছর ধরে অনুসরণে বুঝলাম, বিশ্বনবীর আদর্শের চাইতে বিশ্বকবির আদর্শ আমার কাছে হাজার গুণ উত্তম!” তবে বিষয়টির সত্যতা যাচাই করে দেখা যায়, প্রচারিত বক্তব্যটি আব্দুন নূর তুষারের নয় এবং ফটোকার্ডটিও কালের কণ্ঠ প্রকাশ করেনি; বরং এটি ডিজিটালভাবে সম্পাদনা করে তৈরি করা হয়েছে।
অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ফটোকার্ডটিতে কালের কণ্ঠের লোগো এবং প্রকাশের তারিখ হিসেবে ১০ অক্টোবর ২০২৬ উল্লেখ করা হয়েছে। এর সূত্র ধরে ওই তারিখে পত্রিকাটির ফেসবুক পেজ, ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেল পর্যবেক্ষণ করে আলোচিত দাবিসংবলিত কোনো ফটোকার্ড বা সংবাদ পাওয়া যায়নি। মূলত, কালের কণ্ঠের আসল ফটোকার্ডের ডিজাইন নকল করে ডিজিটাল প্রযুক্তির সাহায্যে ভুয়া এই শিরোনামটি বসানো হয়েছে।
এ ছাড়া, আব্দুন নূর তুষার এমন কোনো মন্তব্য করেছেন কি না, তার পক্ষে কোনো নির্ভরযোগ্য সংবাদমাধ্যম বা সূত্রে তথ্য পাওয়া যায়নি। পাশাপাশি, দৈনিক কালের কণ্ঠ গত ১৪ অক্টোবর একটি প্রতিবেদন প্রকাশ করে স্পষ্ট করেছে যে, তাদের পত্রিকার নাম ব্যবহার করে ভুয়া ফটোকার্ড তৈরি করে একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপতৎপরতা চালাচ্ছে।
অর্থাৎ, আব্দুন নূর তুষারকে জড়িয়ে কালের কণ্ঠের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি হওয়ার প্রমাণ পাওয়া গেছে। এ ধরনের বানোয়াট কার্ডকে প্রকৃত সংবাদ হিসেবে প্রচার করলে তাঁর নামে এমন মন্তব্য আরোপ করা হয়, যা তিনি করেছেন বলে নির্ভরযোগ্যভাবে প্রমাণিত নয়।
সুতরাং, ‘বিশ্বনবীর আদর্শের চেয়ে বিশ্বকবির আদর্শ আমার কাছে হাজার গুণ উত্তম’ শীর্ষক মন্তব্য আব্দুন নূর তুষার করেছেন দাবিতে কালের কণ্ঠের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া এবং এতে উপস্থাপিত বক্তব্যটি বানোয়াট।

