সম্প্রতি উপস্থাপক ও মিডিয়া ব্যক্তিত্ব ডা. আব্দুন নূর তুষারের নামে বিএনপি ও জামায়াতকে জড়িয়ে একটি মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রচারিত ফটোকার্ডে তাঁকে উদ্ধৃত করে বলা হয়েছে, দল দুটির ‘রাজাকার’ সদস্যরা ইচ্ছাকৃতভাবে তাঁর নামে অপতথ্য ছড়ান এবং তাঁদের নিয়ে অবমাননাকর মন্তব্য করেন। তবে অনুসন্ধানে তাঁর নামে প্রচারিত বক্তব্যের সত্যতা পাওয়া যায়নি।
অনুসন্ধানে দেখা যায়, প্রাসঙ্গিক শব্দ ব্যবহার করে অনুসন্ধান করেও আব্দুন নূর তুষারের এমন কোনো মন্তব্যের নির্ভরযোগ্য সূত্র পাওয়া যায়নি। মূলধারার গণমাধ্যমেও এ বক্তব্যের সমর্থনে কোনো প্রতিবেদন প্রকাশিত হয়নি। ফলে ফটোকার্ডে তাঁর নামে উপস্থাপিত বক্তব্যটি প্রকৃত মন্তব্য হিসেবে গ্রহণ করার ভিত্তি নেই।
আলোচিত ফটোকার্ডটির উৎস অনুসন্ধানে ‘Gupto TV’ নামের একটি ফেসবুক পেজে গত ১ অক্টোবর একই পোস্ট পাওয়া যায়। পেজটি নিজেদের প্যারোডি বা স্যাটায়ারধর্মী কনটেন্ট প্রকাশের মাধ্যম হিসেবে পরিচয় দেয়। পেজটির অন্যান্য পোস্টেও একই ধরনের ব্যঙ্গাত্মক কনটেন্ট দেখা যায়। এসব তথ্য থেকে বোঝা যায়, আব্দুন নূর তুষারের নামে প্রচারিত মন্তব্যটির সূত্র একটি ব্যঙ্গাত্মক পোস্ট।
অর্থাৎ, স্যাটায়ার পেজে প্রকাশিত বক্তব্যকে প্রেক্ষাপট ছাড়াই আব্দুন নূর তুষারের প্রকৃত মন্তব্য হিসেবে প্রচার করা হয়েছে। অথচ তাঁর বক্তব্য হিসেবে দাবিটি প্রতিষ্ঠা করার মতো কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

