
সম্প্রতি সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নামে “আমি ছোটবেলা থেকেই ১ টাকা, ২ টাকা করে সঞ্চয় করে ওমরাহ করতে গিয়েছি। অথচ স্বৈরাচারের দোসররা আমার নামে অপপ্রচার চালাচ্ছে—তারা বলছে, আমি নাকি দুর্নীতি করে ওমরাহ করতে গিয়েছি। দরকার হলে আমি চোখ ছুঁয়ে বলতে পারবো আমি দুর্নীতি করি নাই”—শীর্ষক একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানে আলোচিত বক্তব্যটির পক্ষে কোনো নির্ভরযোগ্য উৎস বা প্রামাণ্য রেকর্ড পাওয়া যায়নি। বক্তব্যটি কোথায়, কবে বা কোন অনুষ্ঠানে আসিফ মাহমুদ দিয়েছেন—প্রচারিত পোস্টগুলোতে তারও কোনো সুনির্দিষ্ট তথ্য উল্লেখ নেই।
বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সাম্প্রতিক সময়ে আসিফ মাহমুদকে ঘিরে ছড়ানো দু`র্নী`তির অভিযোগের প্রেক্ষাপটে। গত ৪ মার্চ ২০২৬ তিনি এক সংবাদ সম্মেলনে নিজের ও পরিবারের ব্যাংক হিসাবের তথ্য প্রকাশ করে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকে উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন। একই সময়ে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (BFIU) তার ব্যাংক হিসাবের তথ্য তলব করার বিষয়টিও সংবাদে আসে।
তবে ওই সংবাদ সম্মেলন ও প্রকাশিত বক্তব্যের নির্ভরযোগ্য প্রতিবেদনগুলোতে “ছোটবেলা থেকেই ১ টাকা, ২ টাকা করে সঞ্চয় করে ওমরাহ করতে গিয়েছি” কিংবা “চোখ ছুঁয়ে বলতে পারবো আমি দুর্নীতি করি নাই”—এ ধরনের বক্তব্যের কোনো উল্লেখ পাওয়া যায়নি। বরং তার প্রকাশ্য বক্তব্যে নিজের ব্যাংক হিসাব ও সম্পদের তথ্য তুলে ধরার বিষয়টি পাওয়া যায়।
ফলে, যাচাইযোগ্য সূত্র ছাড়া আসিফ মাহমুদের নামে আলোচিত বক্তব্য প্রচার করা ভুয়া/বানোয়াট বক্তব্য হিসেবে প্রতীয়মান হচ্ছে।
সুতরাং, “১-২ টাকা করে সঞ্চয় করে ওমরাহ করেছি”—শীর্ষক বক্তব্যটি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন দাবিতে প্রচারিত তথ্যের কোনো নির্ভরযোগ্য ভিত্তি পাওয়া যায়নি।

