সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে—শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের নিজ এলাকার জনগণ তার গাড়িতে হামলা চালিয়েছে। বিশেষ করে আওয়ামীপন্থী বিভিন্ন পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ভিডিওটি ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে।
ফ্যাক্ট রিভিউ বিষয়টি যাচাই করে দেখেছে যে, ২৪ আগস্ট শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের গাড়িতে হামলার নামে প্রচারিত দাবিটি সম্পূর্ণ মিথ্যা। প্রকৃতপক্ষে ভাইরাল হওয়া ভিডিওটি সাম্প্রতিক কোনো ঘটনার নয়; এটি ২০২২ সালের ২৫ এপ্রিল তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে ড. মিলনের গাড়িতে হামলা ও ভাঙচুরের একটি পুরোনো ভিডিও।
ভিডিওটির উৎস খুঁজতে গিয়ে যমুনা টেলিভিশনের ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ২৬ এপ্রিল প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। “পুলিশের উপস্থিতিতেই এহসানুল হক মিলনের গাড়িতে হামলার অভিযোগ” শিরোনামে প্রকাশিত ওই সংবাদে ব্যবহৃত ভিডিওর সাথে বর্তমানে ছড়িয়ে পড়া ভিডিওটির হুবহু মিল রয়েছে।
উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ২০২২ সালের ২৫ এপ্রিল একটি ইফতার মাহফিলে অংশ নিতে যাওয়ার পথে ড. আ ন ম এহছানুল হক মিলনের গাড়িতে ওই হামলার ঘটনা ঘটেছিল। পরবর্তীতে দৈনিক যুগান্তর এবং বাংলাদেশ প্রতিদিনের মতো জাতীয় গণমাধ্যমগুলোতেও ঘটনাটি নিয়ে সংবাদ প্রকাশিত হয়।
অর্থাৎ, ২০২২ সালে ইফতার মাহফিলে যাওয়ার পথে ড. মিলনের গাড়িতে হওয়া হামলার পুরোনো একটি ভিডিওকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাম্প্রতিক ঘটনা বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে।

