সম্প্রতি রংপুরে চারজন নি`হ`ত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ছবি ব্যবহার করে “রংপুরের ঘটনা একটি বিচ্ছিন্ন ঘটনা। সেখানে চাঁ`দা চাওয়ার মতো কিছু ঘটে নাই। আর ফ্যা`সি`স্ট আমলে আইনশৃঙ্খলার অবস্থা এর চেয়েও বাজে ছিল” শীর্ষক একটি মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানে জানা যায়, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এমন কোনো মন্তব্য করেননি। আলোচিত বক্তব্যের পক্ষে কোনো নির্ভরযোগ্য সংবাদসূত্র, ভিডিও বক্তব্য বা প্রামাণ্য তথ্য পাওয়া যায়নি। বরং একটি স্যাটায়ারধর্মী পেজে প্রকাশিত ব্যঙ্গাত্মক পোস্ট থেকেই এর সূত্রপাত হয়েছে।
দাবিতে প্রচারিত ফটোকার্ডটি পর্যালোচনা করে দেখা যায়, এতে বক্তব্যটির তারিখ, স্থান, অনুষ্ঠান বা বক্তব্যের কোনো নির্ভরযোগ্য সূত্র উল্লেখ করা হয়নি। পরবর্তীতে প্রাসঙ্গিক কী-ওয়ার্ড ব্যবহার করে বিভিন্নভাবে অনুসন্ধান করেও স্বরাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্যের কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি
আলোচিত ফটোকার্ডটির উৎস অনুসন্ধান করতে গিয়ে ‘Gupto TV’ নামের একটি ফেসবুক পেজে ২৩ আগস্ট প্রকাশিত একই ফটোকার্ড পাওয়া যায়। পেজটির পরিচিতি ও প্রকাশিত কনটেন্ট পর্যালোচনা করে দেখা যায়, এটি নিজেকে প্যারোডি/স্যাটায়ার পেজ হিসেবে উপস্থাপন করে। একইসঙ্গে পেজটিতে বিভিন্ন ব্যক্তি ও সমসাময়িক ঘটনা নিয়ে একই ধরনের ব্যঙ্গাত্মক পোস্টও প্রকাশিত হয়েছে।
অর্থাৎ, ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবে তৈরি একটি পোস্টের মূল প্রেক্ষাপট বাদ দিয়ে সেটিকে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রকৃত বক্তব্য হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। ফলে রংপুরের চার খু`নের মতো সংবেদনশীল একটি ঘটনাকে কেন্দ্র করে মন্ত্রীর নামে এমন বক্তব্য আরোপের মাধ্যমে বিভ্রান্তি তৈরি করা হয়েছে।

