সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ছবি ব্যবহার করে একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে। এতে দাবি করা হচ্ছে, বিএনপিকে উদ্দেশ করে ড. ইউনূস বলেছেন, “বিএনপি আগে বলতো আমি নাকি দেশ চালাতে ব্যর্থ, অথচ আমার সময় তেল বিদ্যুৎ গ্যাস ভালোই ছিলো, দাম বাড়াইনি। নির্বাচন দিলেই নাকি সব সমাধান হয়ে যাবে? দিলাম তো নির্বাচন। অথচ এখন দেখি তেল বিদ্যুৎ ছাড়া দেশ চলে!”
অনুসন্ধানে জানা যায়, বিএনপি সরকার ও দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি নিয়ে ড. মুহাম্মদ ইউনূস এমন কোনো মন্তব্য করেননি। কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই তার নামে উক্ত বক্তব্য প্রচার করা হয়েছে।
আলোচিত ফটোকার্ড ও এ-সংক্রান্ত সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টগুলো পর্যালোচনা করে দেখা যায়, কোথায়, কবে বা কোন প্রেক্ষাপটে ড. ইউনূস এমন মন্তব্য করেছেন—সে বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য বা বক্তব্যের সূত্র উল্লেখ করা হয়নি। একই সঙ্গে দাবিটির সমর্থনে কোনো ভিডিও, সাক্ষাৎকার কিংবা মূল বক্তব্যের রেকর্ডও উপস্থাপন করা হয়নি।
বিষয়টি যাচাইয়ে ড. মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক বক্তব্য, সাক্ষাৎকার এবং তার ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য পর্যালোচনা করা হয়। সেখানেও আলোচিত বক্তব্যের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। পাশাপাশি প্রাসঙ্গিক কী-ওয়ার্ডে অনুসন্ধান করেও দেশের জ্বালানি পরিস্থিতি ও বিএনপি সরকারকে নিয়ে ড. ইউনূসের এমন মন্তব্যের কোনো নির্ভরযোগ্য সংবাদ বা সূত্র পাওয়া যায়নি।
বিশেষ করে, বিএনপি সরকার এবং তেল-বিদ্যুৎ-গ্যাসের মতো গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু নিয়ে ড. ইউনূসের এমন মন্তব্য সত্যিই করা হয়ে থাকলে তা নির্ভরযোগ্য গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পাশাপাশি বক্তব্যটির প্রামাণ্য উৎস থাকার কথা। কিন্তু অনুসন্ধানে এমন কোনো প্রমাণ মেলেনি।
অর্থাৎ, ড. মুহাম্মদ ইউনূসের ছবি ও নাম ব্যবহার করে তার বক্তব্য হিসেবে প্রচারিত কথাগুলোর পেছনে কোনো নির্ভরযোগ্য উৎস নেই। এটি মূলত তার নামে তৈরি ও প্রচার করা একটি ভিত্তিহীন ফটোকার্ড।

