Google search engine
HomePolitics‘জামায়াতের এমপিরা যত অপরাধ করুক, পদ যাওয়ার সুযোগ নেই’—ইসি মাছউদের নামে সম্পাদিত...

‘জামায়াতের এমপিরা যত অপরাধ করুক, পদ যাওয়ার সুযোগ নেই’—ইসি মাছউদের নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদের ছবি ও দৈনিক ইত্তেফাকের লোগো ব্যবহার করে একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে। এতে দাবি করা হচ্ছে, ‘জামায়াতের এমপিরা যত অপরাধ করুক তাদের এমপি পদ যাওয়ার সুযোগ নেই’—এমন মন্তব্য করেছেন ইসি মাছউদ।

অনুসন্ধানে দেখা যায়, ইসি মাছউদ এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, দৈনিক ইত্তেফাকের প্রকাশিত একটি আসল ফটোকার্ডের শিরোনাম ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে পরিবর্তন করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

আলোচিত ফটোকার্ডটি পর্যালোচনায় এতে দৈনিক ইত্তেফাকের লোগো এবং ইসি মাছউদের ছবি দেখা যায়। এ সূত্রে দৈনিক ইত্তেফাকের ফেসবুক পেজে প্রকাশিত মূল ফটোকার্ডটি খুঁজে পাওয়া যায়। সেখানে শিরোনাম ছিল, ‘দল থেকে বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ’। মূল ও আলোচিত ফটোকার্ডের ছবি, লোগো ও নকশায় মিল থাকলেও শিরোনামের ভাষা এবং ব্যবহৃত ফন্টে স্পষ্ট পার্থক্য দেখা যায়।

এছাড়া, দৈনিক ইত্তেফাকের সংশ্লিষ্ট প্রতিবেদনে ইসি মাছউদের প্রকৃত বক্তব্যও পাওয়া যায়। সেখানে তিনি বলেন, দল থেকে পদত্যাগ করলে আইন অনুযায়ী এমপি পদ থাকার কথা নয়; তবে দল থেকে বহিষ্কার করলে সংবিধান অনুযায়ী এমপি পদ যাওয়ার সুযোগ নেই। একই সঙ্গে তিনি জানান, সংসদ থেকে রেফারেন্স এলে এবং স্পিকারের মাধ্যমে সংসদের চিঠি পেলে আইন অনুযায়ী নির্বাচন কমিশন ব্যবস্থা নিতে পারে।

অর্থাৎ, ইসি মাছউদের প্রকৃত বক্তব্য ছিল দল থেকে বহিষ্কার এবং পদত্যাগের ক্ষেত্রে এমপি পদ নিয়ে সাংবিধানিক ও আইনি অবস্থান ব্যাখ্যা করা; তিনি জামায়াতের এমপিরা অপরাধ করলেও তাদের পদ যাওয়ার সুযোগ নেই—এমন কোনো মন্তব্য করেননি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular