সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নামে দাবি করা হচ্ছে, তিনি বলেছেন, “আগামী দুই বছরেও বিদ্যুৎ-গ্যাসের সমস্যার সমাধান হবে না। ভালো না লাগলে গ্রামে চলে যান।” দাবিটি একটি স্যাটায়ারধর্মী পেজের পোস্ট থেকে ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে তা বাস্তব বক্তব্য হিসেবে প্রচার করা হয়।
অনুসন্ধানে দেখা যায়, আমির খসরু মাহমুদ চৌধুরী বিদ্যুৎ ও গ্যাস সংকট নিরসনে সর্বনিম্ন দুই বছর সময় লাগতে পারে বলে মন্তব্য করলেও, “ভালো না লাগলে গ্রামে চলে যান”—এমন কোনো বক্তব্য তিনি দেননি। ফলে ভাইরাল পোস্টে তার প্রকৃত বক্তব্যের সঙ্গে একটি বানোয়াট মন্তব্য যুক্ত করে তা উপস্থাপন করা হয়েছে।
গত ১৬ আগস্ট রাজধানীর একটি হোটেলে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) আয়োজিত সেমিনারে আমির খসরু বলেন, দেশের বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা ছয় মাস কিংবা এক বছরের মধ্যে সমাধান করা সম্ভব নয় এবং এ ক্ষেত্রে সর্বনিম্ন দুই বছর সময় লাগতে পারে। একই বক্তব্যে তিনি জানান, সরকার সংকট সমাধানে দ্রুততম সময়ে কাজ করছে এবং কোনো সময় নষ্ট করছে না।
অর্থাৎ, দুই বছর সময় লাগার বিষয়টি তার বাস্তব বক্তব্যের অংশ হলেও, ‘ভালো না লাগলে গ্রামে চলে যান’ মন্তব্যটির কোনো নির্ভরযোগ্য ভিত্তি নেই। বরং স্যাটায়ারধর্মী পেজের ব্যঙ্গাত্মক পোস্টকে বাস্তব বক্তব্য হিসেবে উপস্থাপন করেই বিভ্রান্তিকর দাবিটি ছড়ানো হয়েছে।

