সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন এবং ভিডিওটি সেখানেই ধারণ করা হয়েছে।
তবে অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় এবং নিউইয়র্কেও ধারণ করা হয়নি। প্রকৃতপক্ষে, ২০১৭ সালে সুইডেনের রাজধানী স্টকহোমে শেখ হাসিনার রাষ্ট্রীয় সফরের সময় ধারণ করা একটি পুরোনো ভিডিওকে বর্তমান সময়ের নিউইয়র্কের দৃশ্য হিসেবে প্রচার করা হয়েছে।
আলোচিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে অনলাইন সংবাদমাধ্যম ঢাকা টাইমস-এর ওয়েবসাইটে ২০১৭ সালের ১৬ জুন প্রকাশিত ‘কর্মীদের কাছে দৌঁড়ে গেলেন শেখ হাসিনা’ শিরোনামের একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে ব্যবহৃত ছবির সঙ্গে বর্তমানে প্রচারিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে। প্রতিবেদনে বলা হয়, ২০১৭ সালের জুনে সুইডেনের রাজধানী স্টকহোমে রাষ্ট্রীয় সফরে থাকা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি অনুষ্ঠান শেষে গ্র্যান্ড হোটেলে প্রবেশের সময় রাস্তার অপর পাশে থাকা আওয়ামী লীগের নেতা-কর্মীদের দেখতে পান। পরে তিনি তাদের সঙ্গে দেখা করতে দৌড়ে যান। এ সময় তার সঙ্গে থাকা নিরাপত্তাকর্মীরাও দৌড়ে যান।
পরবর্তীতে ওই প্রতিবেদনের সূত্র ধরে আরও অনুসন্ধান করলে ২০১৭ সালের ১৬ জুন গণমাধ্যমকর্মী মামুনুর রশীদের ফেসবুক অ্যাকাউন্টে একই ভিডিওটি পাওয়া যায়। পোস্টের বিবরণ অনুযায়ী, ভিডিওটি তিনি নিজেই তার মোবাইল ফোনে ধারণ করেছিলেন। ফলে নিশ্চিত হওয়া যায়, আলোচিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে ধারণ করা নয়; এটি নয় বছরেরও বেশি পুরোনো।
অর্থাৎ, ভিডিওটির স্থান ও সময়—উভয় ক্ষেত্রেই প্রচারিত দাবির সঙ্গে বাস্তবতার অসঙ্গতি রয়েছে। ২০১৭ সালে শেখ হাসিনার সুইডেন সফরের সময় স্টকহোমে ধারণ করা ভিডিওকে বর্তমানে নিউইয়র্কে তার উপস্থিতির দৃশ্য হিসেবে উপস্থাপন করা হয়েছে।
সুতরাং, ২০১৭ সালে সুইডেনের স্টকহোমে ধারণ করা শেখ হাসিনার পুরোনো ভিডিওকে সম্প্রতি নিউইয়র্কে তার উপস্থিতির দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।

