Google search engine
HomePoliticsজাইমা রহমানের পুরোনো একটি ছবি সংগ্রহ করে তার সঙ্গে সম্পূর্ণ ভিন্ন ও...

জাইমা রহমানের পুরোনো একটি ছবি সংগ্রহ করে তার সঙ্গে সম্পূর্ণ ভিন্ন ও ভিত্তিহীন একটি রাজনৈতিক বক্তব্য যুক্ত করে ফটোকার্ডটি তৈরি করা হয়েছে

সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে উদ্ধৃত করে ‘আমার মনে হয় ১৫ই আগস্টে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়া উচিত!’ শীর্ষক একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। ফটোকার্ডটিতে জাইমা রহমানের একটি ছবিও ব্যবহার করা হয়েছে।

তবে অনুসন্ধানে জানা যায়, আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে জাইমা রহমান এমন কোনো মন্তব্য করেননি। কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই তার নামে উক্ত বক্তব্য প্রচার করা হয়েছে।

আলোচিত ফটোকার্ডে ‘Mash News 02’ নামটি দেখা যায়। এ সূত্র ধরে অনুসন্ধানে ওই নামের ফেসবুক পেজে ৬ আগস্ট একই ফটোকার্ডের একটি পোস্ট পাওয়া যায়। তবে পোস্টটিতে বক্তব্যটির পক্ষে কোনো সংবাদসূত্র, বক্তব্যের ভিডিও, তারিখ বা প্রাসঙ্গিক তথ্য উল্লেখ করা হয়নি। পেজটি পর্যবেক্ষণ করেও দেখা যায়, সেখানে নিয়মিতভাবে তথ্যসূত্র ছাড়া বিভিন্ন ফটোকার্ড প্রকাশ করা হয়।

পরবর্তীতে জাইমা রহমানের বক্তব্যের বিষয়ে তার ফেসবুক পেজসহ প্রাসঙ্গিক সূত্রগুলো পর্যালোচনা করেও আলোচিত মন্তব্যের কোনো প্রমাণ পাওয়া যায়নি। একইভাবে, মূলধারার কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রেও তিনি এমন মন্তব্য করেছেন বলে কোনো তথ্য পাওয়া যায়নি।

অন্যদিকে, আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত জাইমা রহমানের ছবিটির উৎস অনুসন্ধান করে প্রথম আলোর ইংরেজি সংস্করণে ৮ ফেব্রুয়ারি প্রকাশিত “Every political party should have a code of conduct to ensure women’s safety: Zaima Rahman” শীর্ষক প্রতিবেদনে একই ছবি পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, ছবিটি ‘Women in the Struggle for Democracy: Contributions and the Bangladesh of Tomorrow’ শীর্ষক একটি গোলটেবিল বৈঠকে জাইমা রহমানের বক্তব্য দেওয়ার সময় ধারণ করা।

ওই অনুষ্ঠানে জাইমা রহমান নারীদের রাজনৈতিক অংশগ্রহণ, নিরাপত্তা, রাজনৈতিক দলগুলোর আচরণবিধি এবং নারী নেত্রী-কর্মীদের সহায়তার প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য দেন। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার বা ১৫ আগস্টকে কেন্দ্র করে আলোচিত বক্তব্যের সঙ্গে ওই বক্তব্যের কোনো সম্পর্ক নেই। একই অনুষ্ঠানের বিষয়ে Ekhon TV-এর প্রকাশিত ভিডিও প্রতিবেদনেও একই তথ্য পাওয়া যায়।

অর্থাৎ, জাইমা রহমানের পুরোনো একটি ছবি সংগ্রহ করে তার সঙ্গে সম্পূর্ণ ভিন্ন ও ভিত্তিহীন একটি রাজনৈতিক বক্তব্য যুক্ত করে ফটোকার্ডটি তৈরি করা হয়েছে

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular