সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দিয়ে দাবি করা হচ্ছে, ঢাকায় আলেম-সমাজ ও সাধারণ মানুষ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে মিছিল করেছেন। পোস্টটিতে মিছিলটিকে সাম্প্রতিক ঘটনা হিসেবে তুলে ধরা হয়েছে।
তবে অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটির সঙ্গে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে কোনো সাম্প্রতিক মিছিলের সম্পর্ক নেই। প্রকৃতপক্ষে, এটি ২০২৫ সালের একটি ভিন্ন কর্মসূচির পুরোনো ভিডিও।
ভিডিওটির সম্ভাব্য মূল উৎস অনুসন্ধানে ‘Md Sohal’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে ২০২৫ সালের ১৯ আগস্ট প্রকাশিত একই ভিডিও পাওয়া যায়। ওই পোস্টের তথ্য অনুযায়ী, ভিডিওটি ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে আয়োজিত একটি বিক্ষোভ মিছিলের।
পোস্টের ক্যাপশন ও সংশ্লিষ্ট তথ্য থেকে জানা যায়, ওই কর্মসূচিতে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবির বিষয়গুলো তুলে ধরা হয়েছিল। সেখানে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে কোনো মিছিলের তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে আলেম-সমাজের মিছিলের দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক ঘটনার নয়; এটি ২০২৫ সালের ভিন্ন একটি রাজনৈতিক কর্মসূচির পুরোনো ভিডিও। দাবিটি বিভ্রান্তিকর।

