সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলামি আলোচক মিজানুর রহমান আজহারীর ছবি ব্যবহার করে একটি বক্তব্য প্রচার করা হচ্ছে। সেখানে তাকে উদ্ধৃত করে বলা হয়েছে, “যেখানে আজকে জুলাই শহীদের স্মরণে দোয়া মাহফিল কিংবা কাওয়ালী আয়োজন করার দরকার ছিল, সেখানে আয়োজন করা হচ্ছে কনসার্টের মতো শিরক কাজ। এই স্বাধীনতার জন্য জুলাই যোদ্ধারা জীবন দেয় নাই!”
তবে অনুসন্ধানে জানা যায়, মিজানুর রহমান আজহারী এমন কোনো মন্তব্য করেছেন—এমন নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। প্রচারিত পোস্ট বা ফটোকার্ডে বক্তব্যটির কোনো ভিডিও, অডিও, সাক্ষাৎকার, বক্তব্যের তারিখ কিংবা নির্দিষ্ট উৎস উল্লেখ করা হয়নি।
বিষয়টি যাচাইয়ে প্রাসঙ্গিক কী-ওয়ার্ড ব্যবহার করে অনুসন্ধান করা হলেও কোনো নির্ভরযোগ্য গণমাধ্যম, সংবাদ প্রতিবেদন বা বিশ্বস্ত সূত্রে আলোচিত মন্তব্যটির অস্তিত্ব পাওয়া যায়নি। একইভাবে, মিজানুর রহমান আজহারীর যাচাইকৃত সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ও সাম্প্রতিক প্রকাশিত বক্তব্য পর্যালোচনা করেও জুলাই শহীদদের স্মরণ, দোয়া মাহফিল, কাওয়ালী বা কনসার্টকে কেন্দ্র করে এমন কোনো মন্তব্যের প্রমাণ মেলেনি।
এ ছাড়া, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ না করে ‘কনসার্টের মতো শিরক কাজ’ হিসেবে একটি সাংস্কৃতিক আয়োজনকে আখ্যা দেওয়ার দাবিটিও কোনো যাচাইকৃত বক্তব্যের সঙ্গে সমর্থিত নয়। ফলে মিজানুর রহমান আজহারীর ছবি ব্যবহার করে তার নামে একটি বানোয়াট মন্তব্য প্রচার করা হয়েছে বলে প্রতীয়মান হয়।

