সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে উদ্ধৃত করে একটি মন্তব্য প্রচার করা হচ্ছে। সেখানে দাবি করা হয়েছে, তিনি বলেছেন— “এই যে আপনারা বেশি টাকা দিয়ে তেল-গ্যাসসহ প্রয়োজনীয় জিনিসপত্র কিনছেন, এই বাড়তি টাকাটা কিন্তু বাংলাদেশেই থাকছে। এখানেও কিন্তু সবার আগে বাংলাদেশ।”
তবে অনুসন্ধানে দেখা যায়, ডা. জাহেদ উর রহমান এমন কোনো মন্তব্য করেছেন—এমন নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। আলোচিত বক্তব্যটির পক্ষে কোনো ভিডিও, অডিও, সাক্ষাৎকার, সংবাদ প্রতিবেদন কিংবা যাচাইযোগ্য বক্তব্যের উৎস উল্লেখ করা হয়নি। এছাড়া, কোথায়, কবে এবং কোন প্রেক্ষাপটে তিনি এমন মন্তব্য করেছেন—সে সম্পর্কেও প্রচারিত পোস্টগুলোতে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
দাবিটির সত্যতা যাচাইয়ে ডা. জাহেদ উর রহমানের সাম্প্রতিক বক্তব্য, সাক্ষাৎকার এবং প্রকাশ্য সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রম পর্যালোচনা করা হলেও আলোচিত মন্তব্যের কোনো প্রমাণ মেলেনি। পাশাপাশি, প্রাসঙ্গিক কী-ওয়ার্ড ব্যবহার করে দেশীয় মূলধারার গণমাধ্যম ও অন্যান্য নির্ভরযোগ্য সূত্রে অনুসন্ধান করেও এ ধরনের বক্তব্য দেওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি।
সাধারণত জ্বালানি তেল, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির মতো জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে একজন সরকারি উপদেষ্টা এমন মন্তব্য করলে তা গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশিত হওয়ার পাশাপাশি বক্তব্যটির উৎস ও প্রেক্ষাপট সম্পর্কে যাচাইযোগ্য তথ্য পাওয়া যাওয়ার কথা। কিন্তু আলোচিত দাবির ক্ষেত্রে এমন কোনো নির্ভরযোগ্য উৎসের সন্ধান মেলেনি।

