২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার ১-০ গোলে পরাজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দাবি ছড়িয়ে পড়ে যে, লিওনেল মেসির পরিবার ফাইনাল ম্যাচে স্টেডিয়ামে উপস্থিত ছিল না।
তবে অনুসন্ধানে দেখা যায়, আলোচিত দাবিটি সত্য নয়। প্রকৃতপক্ষে, মেসির স্ত্রী অ্যান্টোনেল্লা রোকুজ্জো এবং তাদের সন্তানরা ফাইনালের দিন মেটলাইফ স্টেডিয়ামেই উপস্থিত ছিলেন। ম্যাচ শেষে স্টেডিয়াম ত্যাগ করার সময় তাদের একাধিক ভিডিও ও ছবি বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে প্রকাশিত হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আর্জেন্টিনার টেলিভিশন নেটওয়ার্ক Telefe-এর টিকটক অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়, যেখানে ম্যাচ শেষে অ্যান্টোনেল্লা রোকুজ্জোকে সন্তানদের সঙ্গে স্টেডিয়াম থেকে বের হয়ে যেতে দেখা যায়। ভিডিওটির ক্যাপশনেও স্পষ্টভাবে উল্লেখ করা হয় যে, এটি ফাইনাল শেষে তার স্টেডিয়াম ত্যাগের দৃশ্য।
পরবর্তীতে স্প্যানিশ সংবাদমাধ্যম Marca এবং আর্জেন্টাইন সংবাদমাধ্যম La Derecha Diario-তেও একই ঘটনার ওপর প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনগুলোতে উল্লেখ করা হয়, Telefe-এর ক্যামেরায় ধারণ করা ভিডিওতে অ্যান্টোনেল্লাকে মেসি ও তাদের ছেলে মাতেওর সঙ্গে স্টেডিয়াম ত্যাগ করতে দেখা যায়। পাশাপাশি pichichipixx নামের একজন ফটোগ্রাফারের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও ফাইনালের পর অ্যান্টোনেল্লার স্টেডিয়াম ছেড়ে যাওয়ার ভিডিও প্রকাশিত হয়েছে, যা একই তথ্যকে আরও নিশ্চিত করে।
অর্থাৎ, নির্ভরযোগ্য একাধিক ভিডিও ও সংবাদসূত্রে প্রমাণিত হয়েছে যে, মেসির পরিবার ফাইনাল ম্যাচে উপস্থিত ছিল এবং ম্যাচ শেষে স্টেডিয়াম ত্যাগও করেছে। ফলে তাদের মাঠে না থাকার দাবির কোনো বাস্তব ভিত্তি নেই।
সুতরাং, ‘২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে মেসির পরিবার মাঠে উপস্থিত ছিল না’— শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা। প্রকৃতপক্ষে, মেসির স্ত্রী অ্যান্টোনেল্লা রোকুজ্জো ও তাদের সন্তানরা ফাইনালের দিন স্টেডিয়ামে উপস্থিত ছিলেন এবং ম্যাচ শেষে তাদের স্টেডিয়াম ত্যাগের ভিডিও একাধিক নির্ভরযোগ্য সূত্রে প্রকাশিত হয়েছে।

