Google search engine
HomeOthers‘গর্ভে ৯ মাসের সন্তান নিয়ে বন্যায় প্রাণ বাঁচাতে গাছে উঠছেন এক নারী’...

‘গর্ভে ৯ মাসের সন্তান নিয়ে বন্যায় প্রাণ বাঁচাতে গাছে উঠছেন এক নারী’ দাবিতে প্রচারিত ভাইরাল ভিডিওটি বিভ্রান্তিকর

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, গর্ভে নয় মাসের সন্তান নিয়ে বন্যার পানি থেকে প্রাণ বাঁচাতে এক নারী গাছে উঠছেন। চলমান বন্যা পরিস্থিতির সঙ্গে ভিডিওটি যুক্ত করে আবেগঘন ক্যাপশনে এটি ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে।

অনুসন্ধানে দেখা যায়, আলোচিত দাবিটির কোনো সত্যতা নেই। প্রকৃতপক্ষে, ভিডিওটি বন্যাকবলিত কোনো এলাকার নয়; এটি সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ভ্রমণের সময় ধারণ করা একটি ব্যক্তিগত ভিডিও, যা ভিন্ন দাবিতে প্রচার করা হয়েছে।

অনুসন্ধানে ভিডিওটির মূল উৎস খুঁজে পাওয়া যায় ফেসবুকের ‘অঞ্জনার জীবনের কথা’ নামের একটি পেজে, যেখানে ২০২৪ সালের জুলাই মাসে ভিডিওটি প্রকাশ করা হয়। একই সময়ে ওই পেজে একই স্থানে তোলা আরও একাধিক ছবি ও ভিডিওও প্রকাশিত হয়, যা স্পষ্ট করে এটি ভ্রমণের অংশ ছিল। এছাড়া ‘Life of Anjana’ নামের একটি ফেসবুক প্রোফাইল থেকেও ভিডিওটির প্রকৃত মালিক নিজেই জানান, ‘গর্ভে ৯ মাসের সন্তান নিয়ে জীবন বাঁচাতে গাছে উঠেছেন’—এমন ক্যাপশন সম্পূর্ণ ভুয়া এবং বিভিন্ন ফেক পেজ তার ভিডিও ব্যবহার করে বিভ্রান্তি ছড়াচ্ছে।

পরবর্তীতে তিনি তার পরিচালিত আরেকটি ফেসবুক পেজ ‘জীবনের গল্প’ থেকেও একই ভিডিও প্রকাশ করে পুনরায় নিশ্চিত করেন যে, এটি টাঙ্গুয়ার হাওরে ভ্রমণের সময় ধারণ করা ভিডিও, বন্যায় আটকে পড়া কোনো গর্ভবতী নারীর দৃশ্য নয়।

সুতরাং, ‘গর্ভে ৯ মাসের সন্তান নিয়ে বন্যায় প্রাণ বাঁচাতে গাছে উঠছেন এক নারী’ দাবিতে প্রচারিত ভাইরাল ভিডিওটি বিভ্রান্তিকর। এটি মূলত টাঙ্গুয়ার হাওরে ভ্রমণের সময় ধারণ করা একটি পুরোনো ভিডিও।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular