Google search engine
HomeOthersগাইবান্ধার রাম বিগ্রহ প্রসঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ‘৭২ ঘণ্টার মধ্যে রাম মন্দিরের...

গাইবান্ধার রাম বিগ্রহ প্রসঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ‘৭২ ঘণ্টার মধ্যে রাম মন্দিরের মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ’ দিয়েছেন বলে প্রচারিত দাবিটি সম্পূর্ণ ভুয়া, ভিত্তিহীন এবং অপপ্রচার। 

‘৭২ ঘণ্টার মধ্যে রাম মন্দিরের মালামাল সরানোর নির্দেশ’—সেনাপ্রধানের নামে ছড়ানো দাবিটি সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন
……………………………….
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি দাবি ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে যে, গাইবান্ধার পলাশবাড়ীতে নির্মাণাধীন রাম বিগ্রহ প্রসঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান নাকি “৭২ ঘণ্টার মধ্যে রাম মন্দিরের সকল মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ” দিয়েছেন এবং “এটি বাংলাদেশের মাটি, ভারতের কোনো তাবেদারি চলবে না” বলে মন্তব্য করেছেন।

তবে অনুসন্ধানে দেখা যায়, এই দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ নেই। জাতীয় কোনো গণমাধ্যম, সরকারি বিজ্ঞপ্তি কিংবা বিশ্বস্ত সূত্রে সেনাপ্রধানের এমন কোনো নির্দেশনা বা বক্তব্যের অস্তিত্ব পাওয়া যায়নি। সাধারণত সেনাপ্রধানের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তির এমন বক্তব্য দিলে তা তাৎক্ষণিকভাবে দেশের প্রধান সংবাদমাধ্যম এবং সংশ্লিষ্ট সরকারি সূত্রে প্রকাশিত হতো। কিন্তু এ ধরনের কোনো তথ্য কোথাও পাওয়া যায়নি।

দাবিটির সত্যতা যাচাই করতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর সঙ্গে যোগাযোগ করা হলে তারা স্পষ্টভাবে জানায়, রংপুরের রাম মন্দির বা গাইবান্ধার রাম বিগ্রহ নির্মাণ প্রসঙ্গে সেনাপ্রধান কোনো নির্দেশনা দেননি। আইএসপিআর বিষয়টিকে সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন বলে নিশ্চিত করেছে।

উল্লেখ্য, গাইবান্ধার পলাশবাড়ীতে রাম বিগ্রহ নির্মাণের উদ্যোগকে কেন্দ্র করে জনমনে আলোচনা সৃষ্টি হলেও, পরবর্তীতে মন্দির কমিটির পক্ষ থেকেই সংবাদ সম্মেলন করে জানানো হয় যে, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার স্বার্থে নির্মাণকাজ স্থগিত করা হয়েছে। তারা স্পষ্টভাবে বলেন, সিদ্ধান্তটি কোনো রাজনৈতিক বা প্রশাসনিক চাপের কারণে নয়।

অর্থাৎ, বাস্তব ঘটনাকে কেন্দ্র করে সেনাপ্রধানের নামে একটি মনগড়া নির্দেশনা ও উক্তি জুড়ে দিয়ে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হয়েছে। এ ধরনের ভিত্তিহীন তথ্য রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও ব্যক্তিদের নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং অযথা উত্তেজনা তৈরির ঝুঁকি তৈরি করে।

সুতরাং, গাইবান্ধার রাম বিগ্রহ প্রসঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ‘৭২ ঘণ্টার মধ্যে রাম মন্দিরের মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ’ দিয়েছেন বলে প্রচারিত দাবিটি সম্পূর্ণ ভুয়া, ভিত্তিহীন এবং অপপ্রচার। 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular