Google search engine
HomeOthersবিজিবি কর্মকর্তার বিএসএফ কর্মকর্তাকে কঠোর হুঁশিয়ারি দেওয়ার দাবিতে প্রচারিত ভিডিওটি বাস্তব নয়;...

বিজিবি কর্মকর্তার বিএসএফ কর্মকর্তাকে কঠোর হুঁশিয়ারি দেওয়ার দাবিতে প্রচারিত ভিডিওটি বাস্তব নয়; এটি এআই প্রযুক্তির সহায়তায় তৈরি একটি ভুয়া ও বিভ্রান্তিকর ভিডিও।

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে, যেখানে দাবি করা হয়েছে যে ভারত-বাংলাদেশ সীমান্তে এক উত্তপ্ত পরিস্থিতিতে একজন বিজিবি কর্মকর্তা বিএসএফ কর্মকর্তাকে উদ্দেশ্য করে কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন। ভিডিওটিতে তাকে বলতে শোনা যায়, “আমরা হাতে চুরি করে বসে আছি না। সীমান্তে ঘোড়ার ঘাস কাটার জন্য পাহারা দিচ্ছি না। এখন থেকে সাবধান হয়ে যান”—এমন বক্তব্যকে বাস্তব ঘটনা হিসেবে উপস্থাপন করা হচ্ছে।

তবে অনুসন্ধানে দেখা গেছে, প্রচারিত ভিডিওটি কোনো বাস্তব ঘটনার ভিডিও নয়। প্রকৃতপক্ষে, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে তৈরি একটি ভিডিও, যেখানে পুরোনো একটি স্থিরচিত্রের সঙ্গে কৃত্রিমভাবে অডিও ও মুখের নড়াচড়া সংযুক্ত করা হয়েছে। ভিডিওটির মাধ্যমে বিজিবি ও বিএসএফের মধ্যকার কথোপকথনের একটি কাল্পনিক দৃশ্য তৈরি করে সেটিকে বাস্তব ঘটনা হিসেবে প্রচার করা হয়েছে।

অনুসন্ধানে ভিডিওটির সম্ভাব্য উৎস হিসেবে “Sesh TV” নামের একটি পেজের সন্ধান পাওয়া যায়। উক্ত পেজে প্রকাশিত মূল পোস্টেই ভিডিওটি এআই প্রযুক্তির সহায়তায় তৈরি বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া, এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম Hive Detect-এর বিশ্লেষণেও ভিডিওটি কৃত্রিমভাবে তৈরি হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

আরও দেখা যায়, ভিডিওটিতে ব্যবহৃত দৃশ্যটি আসলে প্রায় এক বছর আগে ইন্টারনেটে প্রচারিত বিজিবি ও বিএসএফ সদস্যদের একটি স্থিরচিত্র থেকে নেওয়া হয়েছে। সেই ছবিকে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সচল করে নতুন বক্তব্য যুক্ত করা হয়েছে। অথচ গণমাধ্যম, বিজিবির অফিসিয়াল সূত্র কিংবা অন্য কোনো নির্ভরযোগ্য উৎসে আলোচিত বক্তব্য দেওয়ার কোনো তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি।

সীমান্তসংক্রান্ত সংবেদনশীল বিষয়কে কেন্দ্র করে এ ধরনের এআই-নির্মিত ভিডিও জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এবং দুই দেশের সীমান্ত পরিস্থিতি সম্পর্কে ভুল ধারণা তৈরি করতে পারে। বিশেষ করে রাষ্ট্রীয় বাহিনীর নামে কৃত্রিম বক্তব্য প্রচার করে উত্তেজনা উসকে দেওয়ার ঝুঁকিও থাকে।

সুতরাং, বিজিবি কর্মকর্তার বিএসএফ কর্মকর্তাকে কঠোর হুঁশিয়ারি দেওয়ার দাবিতে প্রচারিত ভিডিওটি বাস্তব নয়; এটি এআই প্রযুক্তির সহায়তায় তৈরি একটি ভুয়া ও বিভ্রান্তিকর ভিডিও।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular