সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিওকে উদ্ধৃত করে একটি বক্তব্য ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে। পোস্টগুলোতে দাবি করা হচ্ছে, তিনি নাকি বলেছেন, “সত্যটা মেনে নেওয়ার সময় এসেছে, মেসিই সর্বকালের সেরা।”
তথ্য যাচাই করে দেখা যায়, রোনালদো নাজারিও এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, বহু বছর ধরে তার নামে প্রচারিত একটি ভুয়া সাক্ষাৎকারের উদ্ধৃতি পুনরায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
অনুসন্ধানে দেখা যায়, আলোচিত উক্তিটির কোনো নির্ভরযোগ্য ভিডিও, অডিও বা পূর্ণাঙ্গ সাক্ষাৎকারের রেকর্ড পাওয়া যায় না। বরং বিষয়টি নিয়ে অতীতে রোনালদো নিজেই প্রকাশ্যে প্রতিক্রিয়া জানিয়েছিলেন। তিনি জানান, তার নামে প্রচারিত ওই বক্তব্যগুলো তিনি কখনো দেননি এবং সেগুলোর উৎস সম্পর্কে জানতে তিনি ও তার প্রতিনিধিরা অনুসন্ধানও করেছিলেন।
রোনালদোর ভাষ্য অনুযায়ী, একটি স্প্যানিশ ক্রীড়া পত্রিকায় তার নামে একটি মনগড়া সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছিল, যেখানে তার না বলা একাধিক মন্তব্য তার সঙ্গে যুক্ত করা হয়। পরবর্তীতে এসব বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং অনেকেই সেগুলোকে সত্য বলে প্রচার করতে শুরু করেন।
এছাড়া, অনুসন্ধানে রোনালদোর বিভিন্ন সাক্ষাৎকার, গণমাধ্যমে দেওয়া বক্তব্য এবং নির্ভরযোগ্য ক্রীড়া সংবাদসূত্র পর্যালোচনা করেও “মেসিই সর্বকালের সেরা” শীর্ষক আলোচিত মন্তব্যের কোনো সত্যতা পাওয়া যায়নি।
অর্থাৎ, রোনালদো নাজারিওর নামে প্রচারিত উক্তিটি তার কোনো যাচাইকৃত সাক্ষাৎকার বা বক্তব্য থেকে নেওয়া নয়; বরং একটি ভুয়া সাক্ষাৎকারের সূত্র ধরে ছড়িয়ে পড়া দাবি।
সুতরাং, “সত্যটা মেনে নেওয়ার সময় এসেছে, মেসিই সর্বকালের সেরা” — ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও এমন মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।

