সামাজিক যোগাযোগমাধ্যম ও বাংলাদেশের কয়েকটি অনলাইন মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে যে, ইসরায়েলের তেল আবিবে ইরানের একের পর এক মিসাইল হামলা চলছে। ভিডিওতে একটি শহরে ধারাবাহিক বিস্ফোরণ ও ধ্বংসযজ্ঞের দৃশ্য দেখা যায়।
তবে যাচাই-বাছাই করে দেখা গেছে, ভিডিওটি বাস্তব কোনো ঘটনার নয়। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা একটি ভিডিও।
ভিডিওটি একটি এআই কনটেন্ট শনাক্তকরণ টুলে পরীক্ষা করলে প্রায় ৯৬.১ শতাংশ সম্ভাবনা পাওয়া যায় যে এটি এআই দিয়ে তৈরি।
রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ভিডিওটির পুরোনো সংস্করণ খুঁজে দেখা যায়, এটি প্রথম প্রকাশ করা হয় ইনস্টাগ্রামের ‘paralelverse_net’ নামের একটি অ্যাকাউন্ট থেকে। গত ২ মার্চ অ্যাকাউন্টটিতে ভিডিওটি পোস্ট করা হয়।
পোস্টটির ক্যাপশনেও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বিনোদনের উদ্দেশ্যে তৈরি।
এ ছাড়া ওই অ্যাকাউন্টে একই ধরনের আরও কয়েকটি এআই দিয়ে তৈরি ভিডিও পাওয়া গেছে। তাই তেল আবিবে ইরানের মিসাইল হামলার দাবি করে প্রচারিত ভিডিওটি বিভ্রান্তিকর এবং বাস্তব ঘটনার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।

