সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি লেফটেন্যান্ট কর্নেল মোঃ খাদেমুল ইসলাম, পিএসসি (জোন কমান্ডার, খাগড়াছড়ি জোন)-এর নাম ও ছবি ব্যবহার করে এআই প্রযুক্তির মাধ্যমে একটি ভুয়া ও বিভ্রান্তিকর পোস্ট প্রচার করা হচ্ছে। পোস্টটিতে বিভিন্ন মনগড়া বক্তব্য যুক্ত করে সেটিকে সত্য ঘটনা হিসেবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে।
তবে অনুসন্ধানে দেখা গেছে, আলোচিত পোস্টটির সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তার কোনো সম্পৃক্ততা নেই। এটি ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে তৈরি একটি বিকৃত ও উদ্দেশ্যপ্রণোদিত কনটেন্ট। কোনো নির্ভরযোগ্য সূত্র, সরকারি বিবৃতি বা মূলধারার গণমাধ্যমে এ দাবির পক্ষে তথ্য পাওয়া যায়নি।
বাস্তবে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে দুর্গম পাহাড়ি এলাকায় মানবিক সহায়তা ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। নারীদের স্বাবলম্বী করতে সেলাই প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা ও সেলাই মেশিন বিতরণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ সরবরাহ, অসহায়দের অনুদান সহায়তা এবং বিনামূল্যে মেডিকেল ক্যাম্প আয়োজনসহ নানা জনকল্যাণমূলক কার্যক্রম নিয়মিতভাবে বাস্তবায়িত হচ্ছে।
পরিস্থিতি বিশ্লেষণে প্রতীয়মান হয় যে, একটি কুচক্রী মহল পাহাড়ি অঞ্চলের শান্ত পরিবেশ অস্থিতিশীল করতে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। তাই গুজবে কান না দিয়ে তথ্য যাচাই করা এবং সম্প্রীতি বজায় রাখতে সচেতন ভূমিকা রাখা জরুরি।

