সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াতে ইসলামীর নেতা হামিদুর রহমান আযাদকে উদ্ধৃত করে একটি মন্তব্য প্রচার করা হয়েছে। সেখানে দাবি করা হচ্ছে, “সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারলে চখা রাজাকারের ছেলে নয়, রাষ্ট্রপতি হতেন বীর মুক্তিযোদ্ধা অলি আহমেদ”—এমন মন্তব্য করেছেন তিনি।
অনুসন্ধানে জানা যায়, প্রচারিত বক্তব্যটির একটি অংশের সঙ্গে হামিদুর রহমান আযাদের বক্তব্যের মিল থাকলেও “চখা রাজাকারের ছেলে নয়” অংশটি যুক্ত করে যে বক্তব্যটি প্রচার করা হচ্ছে, সেটি তার বক্তব্য নয়। প্রকৃতপক্ষে, তার বক্তব্যকে বিকৃত ও পরিবর্তিত করে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।
আলোচিত দাবিটির সূত্র অনুসন্ধানে দেখা যায়, বাংলাভিশনের ফেসবুক পেজে হামিদুর রহমান আযাদকে উদ্ধৃত করে “সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতে পারতেন” শিরোনামে একটি পোস্ট প্রকাশিত হয়েছে।
এছাড়া, হামিদুর রহমান আযাদের বক্তব্যসংক্রান্ত একটি ভিডিওতেও একই বক্তব্যের উল্লেখ পাওয়া যায়। সেখানে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতে পারতেন—এমন বক্তব্যের কথা উল্লেখ রয়েছে।
তবে অনুসন্ধানে “চখা রাজাকারের ছেলে নয়” কিংবা এ ধরনের কোনো বক্তব্য হামিদুর রহমান আযাদ করেছেন—এমন নির্ভরযোগ্য কোনো সূত্র পাওয়া যায়নি। বরং প্রচারিত বক্তব্যে পরবর্তীতে একটি অতিরিক্ত ও বিতর্কিত অংশ যুক্ত করে সেটিকে তার পূর্ণাঙ্গ বক্তব্য হিসেবে উপস্থাপন করা হয়েছে।
অর্থাৎ, হামিদুর রহমান আযাদের অলি আহমেদকে নিয়ে করা বক্তব্যের সঙ্গে অতিরিক্ত বক্তব্য যুক্ত করে তা বিকৃতভাবে প্রচার করা হয়েছে।

