
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছে, টানা বৃষ্টির ফলে রাজধানীর সিপাহীবাগ চারতলা গলিতে বন্যার পানিতে একটি কুমির ভেসে এসেছে। এ দাবিতে একটি ছবি ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে।
অনুসন্ধানে দেখা যায়, আলোচিত দাবিটির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ নেই। প্রকৃতপক্ষে, সিপাহীবাগ এলাকায় বন্যার পানিতে কুমির ভেসে আসার কোনো ঘটনা ঘটেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাইবিহীন ও মনগড়া দাবির মাধ্যমে বিষয়টি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে প্রাসঙ্গিক কী-ওয়ার্ড অনুসন্ধান করে মূলধারার গণমাধ্যম, সংশ্লিষ্ট প্রশাসন কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সূত্রে এমন ঘটনার তথ্য পাওয়া যায়নি। এছাড়া, রাজধানীর মতো ঘনবসতিপূর্ণ এলাকায় এ ধরনের ব্যতিক্রমী কোনো ঘটনা ঘটলে তা বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার কথা। কিন্তু এমন কোনো প্রতিবেদন বা সরকারি তথ্যের অস্তিত্ব মেলেনি।
সুতরাং, ‘গত দুই দিনের বৃষ্টির পানিতে সিপাহীবাগ চারতলা গলিতে কুমির ভেসে এসেছে’—এমন দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

