সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর নামে একটি বক্তব্য প্রচার করা হচ্ছে। সেখানে দাবি করা হয়, শেখ হাসিনাকে শেখ মুজিবুর রহমানের কন্যা হিসেবে বিশেষ সম্মান দেওয়া হচ্ছে এবং তাকে ‘প্রেসিডেন্ট প্রোটোকল’ দেওয়া হচ্ছে। একই সঙ্গে ভারত সরকার শেখ হাসিনার ইচ্ছাকে প্রাধান্য দিচ্ছে বলেও কথিত বক্তব্যে উল্লেখ করা হয়েছে।
তবে অনুসন্ধানে আলোচিত বক্তব্যের কোনো সত্যতা পাওয়া যায়নি। দীনেশ ত্রিবেদী এমন কোনো মন্তব্য করেছেন—এমন তথ্য বাংলাদেশ বা ভারতের কোনো নির্ভরযোগ্য গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি। তার সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট পর্যালোচনাতেও এ ধরনের কোনো বক্তব্যের সন্ধান মেলেনি।
দীনেশ ত্রিবেদী সম্প্রতি বাংলাদেশ-ভারত সম্পর্ক ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে বক্তব্য দিলেও শেখ হাসিনাকে ‘প্রেসিডেন্ট প্রোটোকল’ দেওয়া বা তার ইচ্ছাকে ভারত সরকারের অগ্রাধিকার দেওয়ার বিষয়ে কোনো মন্তব্য করেননি।
সুতরাং, শেখ হাসিনাকে বিশেষ সম্মান ও ‘প্রেসিডেন্ট প্রোটোকল’ দেওয়া হচ্ছে—এমন দাবিতে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর নামে প্রচারিত বক্তব্যটি ভুয়া, বানোয়াট ও ভিত্তিহীন।

