সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ প্রতিদিনের নামে একটি কথিত পেপার কাটিং ছড়িয়ে দাবি করা হচ্ছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীদের জন্য এইচএসসি এবং সদস্য পদে এসএসসি পাস বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে সনদের মূল কপি জমা না দিলে মনোনয়নপত্র বাতিল করা হবে বলেও প্রচার করা হচ্ছে।
তবে অনুসন্ধানে দেখা যায়, বাংলাদেশ প্রতিদিন এমন কোনো প্রতিবেদন প্রকাশ করেনি। পত্রিকাটির ওয়েবসাইট, ভেরিফায়েড ফেসবুক পেজ ও ই-পেপার পর্যালোচনায় আলোচিত শিরোনামে কোনো সংবাদ পাওয়া যায়নি। প্রচারিত পেপার কাটিংটিতেও ফন্ট, লেখার বিন্যাস, বানান ও ভাষাগত বিভিন্ন অসঙ্গতি রয়েছে। এতে হিন্দি ভাষার কিছু লেখা দেখা যায়, যা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি কনটেন্টের বৈশিষ্ট্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এআই কনটেন্ট শনাক্তকারী টুলের বিশ্লেষণেও ছবিটি এআই-নির্মিত হওয়ার উচ্চ সম্ভাবনা পাওয়া গেছে।
এদিকে, বর্তমান আইনে ইউপি চেয়ারম্যান বা সদস্য পদে প্রার্থী হওয়ার জন্য আলোচিত কোনো ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয়। নির্বাচন কমিশনের ওয়েবসাইট কিংবা নির্ভরযোগ্য কোনো সূত্রেও এ বিষয়ে নতুন কোনো প্রজ্ঞাপন বা সিদ্ধান্তের তথ্য পাওয়া যায়নি। যদিও ইউপি চেয়ারম্যান পদে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের বিষয়ে হাইকোর্ট রুল জারি করেছেন, এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
সুতরাং, ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে এইচএসসি ও সদস্য পদে এসএসসি পাস বাধ্যতামূলক—এমন দাবিতে বাংলাদেশ প্রতিদিনের নামে প্রচারিত পেপার কাটিংটি এআই-নির্মিত, ভুয়া ও বানোয়াট; শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত দাবিটিও মিথ্যা।

