সম্প্রতি মন্ত্রিসভায় রদবদলের প্রেক্ষাপটে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন—এমন দাবি সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফটোকার্ডটিতে ‘PTV’ নাম ব্যবহার করে বাবরের শপথ নেওয়ার একটি ছবি দেখানো হয়েছে এবং সেটিকে আরটিভির সংবাদ হিসেবে উপস্থাপন করা হয়েছে।
তবে অনুসন্ধানে দেখা যায়, লুৎফুজ্জামান বাবর মন্ত্রী হিসেবে শপথ নেননি এবং আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ছবিটিও বাস্তব নয়। প্রকৃতপক্ষে, আরটিভির আদলে তৈরি ‘PTV’ নামের একটি ভুয়া ফটোকার্ডে এআই-নির্মিত ছবি ব্যবহার করে এই দাবি প্রচার করা হয়েছে।
মন্ত্রিসভায় রদবদলের পর মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নিয়োগসংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন পর্যালোচনা করেও লুৎফুজ্জামান বাবরের নাম পাওয়া যায়নি। পাশাপাশি, মূলধারার গণমাধ্যম কিংবা সরকার সংশ্লিষ্ট কোনো নির্ভরযোগ্য সূত্রেও তার মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার তথ্য পাওয়া যায়নি।
এদিকে, প্রচারিত ফটোকার্ডে ‘PTV’ নামে যে সংবাদমাধ্যমের পরিচয় ব্যবহার করা হয়েছে, এমন কোনো বাস্তব সংবাদমাধ্যমের অস্তিত্বও পাওয়া যায়নি। ফটোকার্ডের সঙ্গে যুক্ত আরটিভির নামে প্রচারিত লিংকটিতেও দাবিটির পক্ষে কোনো বাস্তব সংবাদ পাওয়া যায়নি।
অন্যদিকে, ফটোকার্ডে ব্যবহৃত বাবরের শপথ নেওয়ার দৃশ্যটি এআই কনটেন্ট শনাক্তকারী টুলে বিশ্লেষণ করলে ছবিটি এআই-নির্মিত হওয়ার সম্ভাবনা ৯৯.৮ শতাংশ পাওয়া যায়।
অর্থাৎ, মন্ত্রিসভায় লুৎফুজ্জামান বাবরের অন্তর্ভুক্তির কোনো সরকারি বা নির্ভরযোগ্য প্রমাণ নেই; বরং এআই-নির্মিত ছবি ও ভুয়া সংবাদমাধ্যমের পরিচয় ব্যবহার করে তার মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কাল্পনিক দৃশ্য তৈরি করে প্রচার করা হয়েছে।
সুতরাং, লুৎফুজ্জামান বাবর মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন—এমন দাবি মিথ্যা এবং দাবিটির পক্ষে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও এআই-নির্মিত।

