সম্প্রতি সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে হামলার ঘটনাকে কেন্দ্র করে তার নামে একটি মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। ভাইরাল ফটোকার্ডে দাবি করা হয়, সাকিব আল হাসান বলেছেন, “মাগুরার বাড়িটা ভেঙে একটা নতুন বাড়ি বানানোর সিদ্ধান্ত নিয়েছিলাম… এলাকার মানুষজন ফ্রি-তে বাড়ি ডেমোলিশন করে দিলো।”
তবে অনুসন্ধানে দেখা যায়, সাকিব আল হাসান এমন কোনো মন্তব্য করেননি। তার নামে প্রচারিত বক্তব্যটির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র, বক্তব্যের ভিডিও বা গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন পাওয়া যায়নি। তার ভেরিফায়েড ফেসবুক পেজ এবং সাম্প্রতিক বক্তব্যসংক্রান্ত প্রতিবেদন পর্যালোচনা করেও আলোচিত মন্তব্যের কোনো অস্তিত্ব মেলেনি।
আলোচিত ফটোকার্ডটির সূত্র অনুসন্ধানে দেখা যায়, ‘BSPN’ নামের একটি ফেসবুক পেজ থেকে গত ৬ আগস্ট এটি প্রথম প্রচার করা হয়। পেজটির পূর্ববর্তী কনটেন্ট পর্যালোচনায়ও এ ধরনের তথ্য-প্রমাণহীন ও সার্কাজমধর্মী পোস্টের উপস্থিতি দেখা যায়। ফলে ফটোকার্ডে থাকা বক্তব্যটিকে সাকিব আল হাসানের প্রকৃত মন্তব্য হিসেবে গ্রহণ করার কোনো নির্ভরযোগ্য ভিত্তি নেই।
অর্থাৎ, মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলার সত্য ঘটনা থাকলেও, সেই ঘটনাকে কেন্দ্র করে তার নামে প্রচারিত কথিত মন্তব্যটির কোনো সত্যতা পাওয়া যায়নি।
সুতরাং, মাগুরায় নিজ বাড়িতে হামলা প্রসঙ্গে সাকিব আল হাসান মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত বক্তব্যটি ভুয়া ও বানোয়াট।

