সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও ছড়িয়ে দিয়ে দাবি করা হচ্ছে, বাংলাদেশে মুসলিমরা হিন্দুদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ করছে। ১৫ সেকেন্ডের ওই ভিডিওতে আগুন জ্বলতে দেখা যায় এবং দুই নারীকে কান্না করতে করতে ঘটনার বর্ণনা দিতে শোনা যায়। ভিডিওটি ব্যবহার করে বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা ও অগ্নিসংযোগের একটি সাম্প্রতিক চিত্র তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
তবে অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ভিডিওটির দৃশ্য নতুন নয়। ভিডিওটির কয়েকটি কিফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে একই ধরনের দৃশ্য ২০২৫ সালের ৪ জুলাই আসমা আক্তার নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওতে পাওয়া যায়। ওই অ্যাকাউন্ট, সংশ্লিষ্ট ইনস্টাগ্রাম ও টিকটক অ্যাকাউন্ট পর্যালোচনা করে দেখা যায়, একই ব্যক্তিদের মাধ্যমে পাহাড়ি এলাকার জীবনযাপন ও বিভিন্ন ঘটনার ভিডিও নিয়মিত প্রকাশ করা হয়। অগ্নিসংযোগের ঘটনাটি ঠিক কী কারণে ঘটেছিল, সে বিষয়ে সংশ্লিষ্ট পোস্টগুলোতেও নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ভিডিওতে যাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে, তাদের হিন্দু বা সনাতন ধর্মাবলম্বী হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। অর্থাৎ, একটি পুরোনো অগ্নিকাণ্ডের ভিডিওকে ভিন্ন প্রেক্ষাপটে এনে সাম্প্রদায়িক দাবির সঙ্গে যুক্ত করা হয়েছে।

