“আলাদা বাসের ব্যবস্থা করে নারীদেরকে ছোট করা হয়েছে। কারণ নারীরা পুরুষদের সঙ্গে সমানভাবেই চলতে পারে। এখন যেটা করা হলো সেটা লিঙ্গ বৈষম্য”—এমন একটি বক্তব্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাহরিন আই খানের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে।
যাচাই করে দেখা গেছে, প্রচারিত বক্তব্যটি ড. নাহরিন আই খানের নয়। সম্প্রতি নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর বিষয়কে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বক্তব্য ছড়িয়ে পড়ে। সেখানে নারীদের জন্য পৃথক বাসের ব্যবস্থা করাকে ‘নারীদের ছোট করা’ এবং ‘লিঙ্গ বৈষম্য’ হিসেবে উল্লেখ করা হয়েছে। পোস্টগুলোতে বক্তব্যটির সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাহরিন আই খানের নাম ব্যবহার করা হয়।
বিষয়টির সত্যতা যাচাই করতে অনুসন্ধানে ড. নাহরিন আই খানের বক্তব্যের মূল উৎস, সংবাদ প্রতিবেদন এবং তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টগুলো পর্যালোচনা করা হয়। কিন্তু প্রচারিত বক্তব্যের পক্ষে কোনো নির্ভরযোগ্য সূত্র, পূর্ণাঙ্গ সাক্ষাৎকার, ভিডিও বা তাঁর নিজের প্রকাশিত কোনো পোস্ট খুঁজে পাওয়া যায়নি।
ড. নাহরিন আই খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সরাসরি জানান, “আমি কখনোই এমন মন্তব্য করিনি।”
এছাড়া, তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট এবং বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুসন্ধান করেও নারীদের জন্য আলাদা বাস চালুর বিষয়ে প্রচারিত বক্তব্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কোনো বক্তব্য পাওয়া যায়নি।
অর্থাৎ, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বক্তব্যটির সঙ্গে ড. নাহরিন আই খানের নাম যুক্ত করা হলেও এর পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই। বরং সংশ্লিষ্ট ব্যক্তি নিজেই বক্তব্যটি দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন।

